রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে ২১ হাজার বর্গফুট আয়তনের ইলেকট্রনিকস এক্সপেরিয়েন্স জোন চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস ইলেকট্রনিকস বাংলাদেশ। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাংমিন জাং এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব ও পরিচালক মুতাসসিম দাইয়ান উপস্থিত ছিলেন।
শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস এক্সপেরিয়েন্স জোনটিতে প্রাথমিকভাবে স্যামসাং ও হাইসেন্স ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে কেনাকাটার সুবিধার পাশাপাশি সরাসরি পণ্য দেখা, যাচাই ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন গ্রাহকরা।
ফেয়ার গ্রুপ জানিয়েছে, অনলাইন ও অফলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে একীভূত করার লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে এক্সপেরিয়েন্স জোনটি। এখানে গ্রাহকরা সরাসরি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য দেখতে, পণ্যের বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত সুবিধা তুলনা করতে এবং প্রশিক্ষিত ব্র্যান্ড প্রমোটরদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। এরপর ইলেকট্রনিকস বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। এছাড়া গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন অফার, দ্রুত ডেলিভারি, অরিজিনাল পণ্য এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিশিয়াল ওয়ারেন্টি। অন্যদিকে ক্রেতাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এক্সপেরিয়েন্স জোনটিতে রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পাশাপাশি ভবনটির নিচতলায় রয়েছে ফুড কোর্ট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন ও হেড অব গ্রুপ মার্কেটিং জেএম তসলিম কবীর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্যামসাং ও হাইসেন্সের পণ্য দিয়ে এক্সপেরিয়েন্স জোনটির কার্যক্রম শুরু হলেও ইলেকট্রনিকস বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্য। কনজিউমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স বিভাগে রয়েছে স্যামসাং, হাইসেন্স, হায়ার, এলজি, গ্রি, টিসিএল, সনি, শাওমি ও শার্প। স্মার্টফোন বিভাগে রয়েছে স্যামসাং, শাওমি, অনার, ভিভো ও টেকনো। অন্যদিকে স্মল হোম অ্যাপ্লায়েন্স বিভাগে রয়েছে হায়ার, প্যানাসনিক, শার্প, স্যামসাং, পিওরইট, কেন্ট, কনিয়ন, ফিলিপস, মিয়াকো ও ইউনিম্যাক্স। ফলে একই অনলাইন প্লাটফর্ম থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।