বিশ্বব্যাপী তামার দাম আগামী বছর বাড়তে পারে। বিশ্ববাজারে সরবরাহ সংকট এবং চাহিদা স্থিতিশীল থাকায় আগে দেয়া পূর্বাভাস সংশোধন করে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকা (বিওএফএ)। খবর মাইনিং ডটকম।
বিওএফএর হালনাগাদ প্রাক্কলন অনুযায়ী ২০২৬ সালে তামার গড় দাম দাঁড়াতে পারে টনপ্রতি ১১ হাজার ৩১৩ ডলারে, যা আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ১১ শতাংশ বেশি। ২০২৭ সালের জন্য গড় মূল্য ধরা হয়েছে টনপ্রতি ১৩ হাজার ৫০১ ডলার। এক্ষেত্রে তামার দামের পূর্বাভাস বাড়ানো হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
বিশ্বের বৃহত্তম কিছু খনিতে উত্তোলন ব্যাহত হওয়ায় তামার সরবরাহ সংকট আরো বাড়ছে বলে জানিয়েছে বিওএফএ। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ, চিলির এল টেনিয়েন্তে এবং কঙ্গোর কেমোয়া-কাকুলা খনি। একই সঙ্গে চিলির টেকের কেব্রাদা ব্লাঙ্কা-টু প্রকল্পে বিলম্ব এবং পানামার কোব্রে প্রকল্পের অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বাজারে অতিরিক্ত চাপ তৈরি করেছে।
এদিকে তামা প্রক্রিয়াকরণে পরিশোধন খরচ (টিসিএম/আরসি) উল্লেখযোগ্য হারে কমেছে। চীনে এ খাতে অতিরিক্ত সক্ষমতা সংযোজনের কারণে প্রক্রিয়াকরণ ব্যবসার মুনাফা হ্রাস পেয়েছে। তবে এমন পরিস্থিতি সত্ত্বেও সামনের দিনগুলোয় খনি থেকে উত্তোলন কমে যাওয়ায় মূল্যবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।
সরবরাহ সংকটের আশঙ্কা থাকলেও তামার চাহিদা স্থিতিশীলভাবে বেড়েছে। চীনে নবায়নযোগ্য জ্বালানি খাত ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধির কারণে তামার ব্যবহার বাড়ছে। এছাড়া ইউরোপের দেশগুলোয় দীর্ঘ মন্দা কাটিয়ে চাহিদা পুনরুদ্ধারের আভাস মিলছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার মজুদ উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে ব্যবহার বেড়ে গেলে বাজারে শর্ট স্কুইজের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে বিওএফএ। প্রসঙ্গত, পণ্যবাজারে হাতে থাকা মজুদের অতিরিক্ত পণ্য বিক্রির পর সে ঘাটতি পূরণের জন্য ব্যবসায়ীরা দ্রুত পণ্যের ক্রয় বাড়িয়ে দিলে শর্ট স্কুইজ পরিস্থিতির সৃষ্টি হয়। এক্ষেত্রে ভবিষ্যতে কোন পণ্যের দাম কমবে এমন ধারণা থেকে ব্যবসায়ীরা হাতে না থাকলেও তা আগেই বিক্রি করে দেন। পরে দাম কমলে তা স্বল্পমূল্যে কিনে ক্রেতাকে সরবরাহের মাধ্যমে মুনাফা করার প্রত্যাশা থাকে তাদের। এটিকে বলা হয় শর্ট সেলিং। কিন্তু বাজারের পরিস্থিতি তাদের প্রত্যাশার বিপরীতে হলে অর্থাৎ দাম আরো বাড়ার সম্ভাবনা দেখা দিলে তা দ্রুত কিনে এ ঘাটতি পূরণের প্রবণতা দেখা দেয় তাদের মধ্যে। এতে বাজারে সংশ্লিষ্ট পণ্য বা স্টকের দামের ঊর্ধ্বমুখিতা আরো জোরালো হয়ে ওঠে। বিষয়টিকে স্কুইজিং নামে অভিহিত করে থাকেন বাজারসংশ্লিষ্টরা।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকদের মতে, বাজার থেকে বাড়তি মজুদ এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে। এতে বিশ্ববাজারে দাম আরো বাড়তে পারে।
এলএমইতে তিন মাসের সরবরাহের চুক্তিতে গতকাল প্রতি টন তামার দাম ছিল ১০ হাজার ৩২২ ডলার, যা আগের দিনের তুলনায় দশমিক ৫২ শতাংশ বেশি। এর আগে সেপ্টেম্বরে তামার দাম ৫ শতাংশ বেড়েছে। আর গত সপ্তাহের বৃহস্পতিবার দাম টনপ্রতি ১০ হাজার ৪৮৫ ডলারে পৌঁছায়, যা গত ১৫ মাসের সর্বোচ্চ।