২০২৫ সালের প্রথম নয় মাসে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির আয় বেড়েছে ৪১ শতাংশ, সম্পদ বেড়েছে ২৬ শতাংশ ও কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) বেড়েছে ৫২ শতাংশ।
ব্যাংকটির সমন্বিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ১১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ সময় ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় ১ হাজার ৫৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ৮২৭ কোটি টাকার তুলনায় ২৮ শতাংশ বেশি। অর্থনীতি ও শিল্প খাতের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে ব্যালেন্স শিটে ইন্ডাস্ট্রি গড়ের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে গ্রাহক আমানত বেড়েছে ২৯ শতাংশ ও গ্রাহক ঋণ বেড়েছে ১১ শতাংশ। এতে ব্যাংকটির আর্থিক অবস্থান আরো শক্তিশালী হয়েছে।
সম্প্রতি ভার্চুয়ালি আয়োজিত আর্নিং ডিসক্লোজার অনুষ্ঠানে ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ও পরিচালনাগত ফলাফল প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ওই আয়োজনে দেশী-বিদেশী বাজার বিশ্লেষক, বিনিয়োগ পরামর্শক, পোর্টফোলিও ম্যানেজার, পুঁজিবাজার বিশেষজ্ঞসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আর্থিক ফলাফল উপস্থাপন করেন। তারা ব্যাংকের পারফরম্যান্স, পরিচালনাগত সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আয়োজনে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমেও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় হয়।
—বিজ্ঞপ্তি