পারফেক্ট গ্লোবাল হেলথের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

এ চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা ও এক্সক্লুসিভ স্বাস্থ্য সুবিধা পাবেন।

এনআরবিসি ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহায়ক প্রতিষ্ঠান পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা ও এক্সক্লুসিভ স্বাস্থ্য সুবিধা পাবেন।

বৃহস্পতিবার এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রতিষ্ঠাতা ও সিইও কায়সার কাদের সেলিম।

অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সাল আহমেদ, এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান আরমান হোসেন এবং পারফেক্ট গ্লোবাল হেলথের আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক পারভেজ কামাল রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের কার্ডধারীরা বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সক্লুসিভ স্বাস্থ্য সুবিধা পাবেন। এর মধ্যে ভারতের অ্যাপোলো হাসপাতালে ব্যাংকের কার্ডধারীদের জন্য প্রো হেলথ চেকআপ প্যাকেজে ১০ শতাংশ ছাড়ের সুবিধা রয়েছে।

এছাড়া থাইল্যান্ডের ফায়াথাই ৩ হাসপাতালে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (একটির সঙ্গে একটি ফ্রি) অফার এবং সংশ্লিষ্ট সুবিধার সঙ্গে বিনামূল্যে এক রাত হোটেলে থাকার সুযোগ থাকছে।

চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের কর্মীরাও বিনামূল্যে অনলাইনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। এ সুবিধার মাধ্যমে তারা ডিজিটাল প্লাটফর্মে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা নির্দেশনা গ্রহণ করতে পারবেন।

আরও