ইন্দোনেশিয়া আগামী বছর থেকে স্বর্ণজাত পণ্যের রফতানিতে ৭ দশমিক ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কর আরোপের পরিকল্পনা চূড়ান্ত করেছে। গতকাল পার্লামেন্টের এক শুনানিতে দেশটির অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব কৌশল বিভাগের মহাপরিচালক ফেব্রিও কাকারিবু এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
তিনি বলেন, ‘কর কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে, যেন আপস্ট্রিম বা অপরিশোধিত স্বর্ণের ক্ষেত্রে করহার বেশি আরোপ করা যায় এবং প্রক্রিয়াজাত বা ভ্যালু-অ্যাডেড পণ্যের ক্ষেত্রে কম কমহার রাখা যায়।’
ফেব্রিও কাকারিবু জানান, এ কর আরোপের লক্ষ্য, অভ্যন্তরীণ প্রক্রিয়াজাত শিল্পকে উৎসাহ দেয়া। উদাহরণ হিসেবে তিনি স্বর্ণ ডোরের (আংশিক পরিশোধিত) ওপর বেশি কর এবং মিন্টেড বার বা প্রক্রিয়াজাত বারের ওপর কম কর আরোপের কথা উল্লেখ করেন।
ফেব্রিও আরো জানান, বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামাও রফতানি করের হার নির্ধারণে বিবেচনায় নেয়া হবে।
এছাড়া কয়লা রফতানিতে কর আরোপের বিষয়ে ইন্দোনেশিয়া সরকারের আলোচনাও এখনো চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।