মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে শুধু জ্বালানি তেল বা এলএনজির বাজারই হুমকির মুখে পড়েনি, বরং বড় ধরনের সংকটের মুখে পড়েছে অ্যালুমিনিয়াম খাত। পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় এ ধাতব পণ্যের বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) তথ্য অনুযায়ী, গত বছর বিশ্ববাজারে রফতানি হওয়া মোট অ্যালুমিনিয়ামের ৮ শতাংশের বেশি জোগান দিয়েছে মধ্যপ্রাচ্য। প্রতি বছর বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যালুমিনিয়াম গলানোর কারখানা বা স্মেল্টার থেকে প্রায় ৫০ লাখ টন এ ধাতু হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে রফতানি করা হয়। একই পথে এসব কারখানার কাঁচামাল হিসেবে বিপুল পরিমাণ বক্সাইট ও অ্যালুমিনা আমদানি হয়। তবে সংঘাতের জেরে এ পথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এখন আমদানি-রফতানি উভয় বাণিজ্যই ঝুঁকির মুখে পড়েছে।
কাতারের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে উদ্বেগের। দেশটিতে এলএনজি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ‘কাতার অ্যালুমিনিয়াম’ প্রতিষ্ঠানের ওপর। তীব্র বিদ্যুৎ সংকটে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো গত দুই দশকে এলএনজির বিশাল মজুদকে কাজে লাগিয়ে অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১০ সালে এ অঞ্চলে ধাতুটির উৎপাদন ২৭ লাখ টন থাকলেও গত বছর তা বেড়ে ৬২ লাখ টনে পৌঁছেছে।
বর্তমানে পশ্চিমা দেশগুলোর কাছে মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়ামের গুরুত্ব অনেক বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ অ্যালুমিনিয়াম বর্জন করছে। ফলে বিকল্প উৎস হিসেবে মধ্যপ্রাচ্যই এখন এ দেশগুলোর প্রধান ভরসা। হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে পশ্চিমা দেশগুলোর অটোমোটিভ, নির্মাণ ও প্যাকেজিং শিল্পে কাঁচামালের তীব্র সংকট তৈরি হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক বাজারে এ সংকটের প্রতিফলন এরই মধ্যে দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের মজুত গত বছর ৩ লাখ ৩১ হাজার টন কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ মজুদ আরো ৮৪ হাজার টন হ্রাস পেয়েছে। সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ৩ হাজার ৩১৫ ডলারে পৌঁছেছে। এ দর গত চার বছরের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি। বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির দ্বিমুখী ধাক্কায় সামনের দিনগুলোয় অ্যালুমিনিয়াম বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
রয়টার্স অবলম্বনে