যুক্তরাষ্ট্রে নভেম্বরে পুরনো বাড়ি বিক্রি কিছুটা বেড়েছে। যদিও চাহিদার বিপরীতে সীমিত জোগান এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশটির আবাসন খাতের প্রবৃদ্ধি এখন দুর্বল হয়ে পড়েছে। মার্কিন রিয়েল এস্টেট খাতের শিল্প সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (এনএআর) জানিয়েছে, নভেম্বরে দেশটিতে পুরনো বাড়ি বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ লাখ ৩০ হাজার ইউনিটে। তবে রয়টার্সের এক জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা তা ৪১ লাখ ৫০ হাজার ইউনিটে পৌঁছার পূর্বাভাস দিয়েছিলেন।
এনএআরের প্রতিবেদনে বলা হয়, মার্কিন আবাসন বাজারে বিক্রির মতো বাড়ির সংখ্যা কমে আসছে। এতে ক্রেতাদের পছন্দের সুযোগও সীমিত হয়ে পড়ছে। দেশটিতে অক্টোবরের তুলনায় নভেম্বরে পুরনো বাড়ির জোগান ৫ দশমিক ৯ শতাংশ কমে নেমে এসেছে ১৪ লাখ ৩০ হাজার ইউনিটে, যা আট মাসে সর্বনিম্ন। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হলেও নভেম্বরে আগের কয়েক মাসের তুলনায় খাতটির প্রবৃদ্ধি বেশ মন্থর হয়ে এসেছে।
অঞ্চলভিত্তিক হিসাবে নভেম্বরে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে পুরনো বাড়ি বিক্রি বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। দক্ষিণাঞ্চলেও বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। তবে মধ্য-পশ্চিমাঞ্চলে পুরনো বাড়ি বিক্রি কমেছে ২ শতাংশ। পশ্চিমাঞ্চলে বিক্রির হার অপরিবর্তিত ছিল। বিশ্লেষকদের মতে, তুলনামূলক সাশ্রয়ী অঞ্চল হিসেবে পরিচিত মধ্য-পশ্চিমেও পুরনো বাড়ি বিক্রি কমে যাওয়ার বিষয়টি মার্কিন আবাসন বাজারের দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।
মর্টগেজ সুদহার কিছুটা কমলেও এর প্রভাব আবাসন বাজারে সীমিত রয়েছে। মর্টগেজ অর্থায়ন সংস্থা ফ্রেডি ম্যাকের তথ্যানুযায়ী, ৩০ বছর মেয়াদি স্থির সুদহারের মর্টগেজের হার জানুয়ারির মাঝামাঝিতে ৭ দশমিক ৪ শতাংশ ছিল। নভেম্বরে তা নেমে আসে ৬ দশমিক ১৯ শতাংশে, যা গত কয়েক সপ্তাহে ছিল গড়ে ৬ দশমিক ২১। মর্টগেজ সুদহার মূলত যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ডের সঙ্গে ওঠানামা করে।
অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে নভেম্বরে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে ৪ দশমিক ৬ শতাংশে, যা চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে মজুরি প্রবৃদ্ধির গতি ২০২১ সালের মে মাসের পর সবচেয়ে ধীর রয়েছে। ফলে অনেক পরিবার বাড়ি কেনার মতো বড় সিদ্ধান্ত নিচ্ছে বেশ ভেবেচিন্তে।
সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যানথিয়ন ম্যাক্রোইকোনমিকসের জ্যেষ্ঠ মার্কিন অর্থনীতিবিদ অলিভার অ্যালেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে এখনো বড় বাধা রয়ে গেছে। গত কয়েক মাসে বিক্রির অপেক্ষায় থাকা পুরনো বাড়ির সরবরাহ বাড়ার গতি কমেছে। দুর্বল শ্রমবাজারের কারণে অনেক পরিবার নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না। একই সঙ্গে বাড়ি কেনার সক্ষমতার চাপও রয়েছে।’
বিশ্লেষকদের মতে, মর্টগেজ সুদহার কমায় চাহিদা কিছুটা বেড়েছে। তবে এটি টেকসই পুনরুদ্ধারের ইঙ্গিত নয়। সান্তান্দার ইউএস ক্যাপিটাল মার্কেটসের প্রধান মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন স্ট্যানলি বলেন, ‘সাম্প্রতিক তথ্য দেখায় যে সুদহার কমার প্রভাব সীমিত। বড় ধরনের ঘুরে দাঁড়ানোর লক্ষণ এখনো নেই।’
যুক্তরাষ্ট্রে পুরনো বাড়ির মধ্যম মূল্য নভেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ লাখ ৯ হাজার ২০০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বিক্রির জন্য তালিকাভুক্ত একটি বাড়ি বিক্রি হতে গড়ে ৩৬ দিন লেগেছে, যা এক বছর আগে ছিল ৩২ দিন।