রিঙ্গিতের বিনিময় হার বেড়ে যাওয়ায় ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম। এছাড়া অন্যান্য ভোজ্যতেলের দাম কমে আসাও দরপতনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার মালয়েশীয় পাম অয়েলের দাম স্থির হয়েছে টনপ্রতি ৪ হাজার ১৮ রিঙ্গিতে, যা গত ২৫ নভেম্বরের পর সর্বনিম্ন এবং আগের দিনের তুলনায় টনে ৪৫ রিঙ্গিত বা ১ দশমিক ১১ শতাংশ কম। এছাড়া সপ্তাহজুড়ে পাম অয়েলের মূল্যবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ২৩ শতাংশ।
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, অন্যান্য ভোজ্যতেলের দাম কমে আসা এবং রিঙ্গিতের শক্তিশালী অবস্থানের কারণে পাম অয়েলের দাম কমে এসেছে।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গত শুক্রবার সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এ সময় পাম অয়েলের দরপতনের হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৩৫ শতাংশ।