অন্তর্বর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে কোম্পানিটি। গতকাল স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের এপ্রিল-ডিসেম্বর সময়ে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ২৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১০৯ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৫৮ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ম্যারিকোর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১৪ টাকা ২২ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল ৩৪ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ২৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২২ টাকা ৯৩ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সায়।

কোম্পানিটির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে এমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

মুম্বাইভিত্তিক এফএমসিজি কোম্পানি ম্যারিকো ১৯৯৯ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে। ২০০৯ সালে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ। মোট শেয়ারের ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬২, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরও