গত বছর চীন থেকে রফতানি ব্যাপক হারে বেড়েছে, যা ধীর ভোক্তা ব্যয় ও দীর্ঘস্থায়ী রিয়েল এস্টেট সংকটে ভোগা দেশটির অর্থনীতির জন্য স্বস্তির খবর। এছাড়া বছরজুড়ে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিধিনিষেধ মোকাবেলা করতে হয়েছে বেইজিংকে।
দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ২০২৪ সালে চীনের মোট রফতানি প্রথমবারের মতো ২৫ ট্রিলিয়ন বা ২৫ লাখ কোটি ইউয়ান অতিক্রম করেছে। এ সময় আগের বছরের তুলনায় রফতানি আয় ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২৫ লাখ ৪৫ হাজার কোটি ইউয়ান বা ৩ লাখ ৪৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে।
অন্যদিকে ২০২৩ সালের তুলনায় আমদানি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৮ লাখ ৩৯ হাজার কোটি ইউয়ান হয়েছে। এছাড়া মোট বাণিজ্য ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৪৩ লাখ ৮৫ হাজার কোটি ইউয়ানে পৌঁছেছে।
গত ডিসেম্বরে বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে চীনের রফতানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। তবে বিশ্লেষকরা উল্লেখ করেছেন, সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় কোম্পানিগুলোর অতিরিক্ত সংগ্রহের কারণে রফতানি বেড়েছে।
তারা আরো বলছেন, ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলে চলতি বছরে রফতানির ওপর এর প্রভাব পড়তে পারে। ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেন, ‘ট্রাম্প যদি চীনের সব পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে রফতানিপ্রবাহ কিছুটা দুর্বল হতে পারে। এটি রফতানি প্রায় ৩ শতাংশ কমিয়ে দিতে পারে এবং চীনের জিডিপি প্রায় দশমিক ৫ শতাংশ কমিয়ে দিতে পারে।’