দাম কমছে টানা পাঁচ সপ্তাহ ধরে

নিম্নমুখিতায় শেষ হলো পাম অয়েলের সাপ্তাহিক বাজার

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে।

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ দরপতনের পেছনে ভূমিকা রাখছে পণ্যটির চাহিদায় মৌসুমি পতন রিঙ্গিতের বিনিময় হার বৃদ্ধি ও মজুদ বাড়ার পূর্বাভাস। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম ২২ রিঙ্গিত বা দশমিক ৫৩ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ৪ হাজার ১০৩ রিঙ্গিতে (৯৭১ ডলার ৩৫ সেন্ট)। এর মধ্য দিয়ে পণ্যটির সাপ্তাহিক দরপতনের হার দাঁড়িয়েছে দশমিক ১৫ শতাংশে।

সেলাঙ্গরভিত্তিক ব্রোকার প্রতিষ্ঠান পেলিনদুং বেস্তারির পরিচালক পারামালিঙ্গাম সুপ্রামানিয়াম বলেন, ‘নভেম্বরে মৌসুমি চাহিদা হ্রাস ও রিঙ্গিতের বিনিময় হার বাড়ার কারণে পাম অয়েলের দাম কমে গেছে। এছাড়া পণ্যটির মজুদ বৃদ্ধিও দরপতনের বড় কারণ।’

বিশ্বে শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম মালয়েশিয়া। চলতি বছর দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন প্রথমবারের মতো দুই কোটি টন ছাড়িয়ে যেতে পারে। রেকর্ড উৎপাদন হলে বছর শেষে মজুদ প্রত্যাশার তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়ার ইন্ডাস্ট্রি রেগুলেটরের দেয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ টানা আট মাসের মতো বেড়ে সাড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। উৎপাদন গত এক দশকের সর্বোচ্চে থাকায় মজুদ দ্রুত বাড়ছে।

কার্গো সার্ভেয়রদের হিসাব অনুযায়ী, নভেম্বরের ১-১০ তারিখে মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ থেকে ১২ দশমিক ৩ শতাংশ কমেছে।

ভোজ্যতেলের অন্যান্য বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। গতকাল ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও পাম অয়েলের দাম কমেছে দশমিক ৮ শতাংশ। তবে সিবিওটিতে সয়াবিন তেলের দাম দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। ২০২৪-২৫ বিপণন বর্ষে দেশটিতে পাম অয়েলের আমদানি পাঁচ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। এ সময় দেশটিতে সয়াবিন তেলের আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দামের ব্যবধান বাড়ায় পাম অয়েল ক্রেতাদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠেছে বলে দেশটির একটি প্রধান শিল্প সংগঠন জানিয়েছে।

পাম অয়েলের মূল্য নির্ধারণে অন্যতম প্রভাবক অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের জ্বালানি তেলের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। পণ্যটির দাম বৃদ্ধি পেলে বায়োডিজেল উৎপাদনে পাম অয়েল ব্যবহারের চাহিদা বেড়ে যায়।

আরও