সম্প্রতি টয়োটার প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে টয়োটা ৫৩ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রি করেছে। এর মাধ্যমে কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বী জার্মানির ফক্সওয়াগনকে ছাড়িয়ে গেছে। এ সময়ে কোম্পানিটি বিক্রি করেছে প্রায় ৪১ লাখ ৩০ হাজার গাড়ি। খবর জাপান টুডে।
শীর্ষস্থান বজায় রাখলেও গত বছরের একই সময়ের তুলনায় টয়োটার গাড়ি বিক্রি কমেছে ২ দশমিক ৮ শতাংশ। দুই বছরের মধ্যে এ প্রথম প্রতিষ্ঠানটির বিক্রিতে এমন পতন দেখা গেল। মূলত চীনের বাজারে চাহিদা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে বিক্রি কমার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বছরের প্রথম প্রথমার্ধে টয়োটা গ্রুপের মোট বিশ্বব্যাপী উৎপাদন দশমিক ৩ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে লজিস্টিক ব্যবস্থার বিঘ্ন ঘটায় সরবরাহ ও উৎপাদন কার্যক্রমে বেশ প্রভাব পড়েছে। বিশেষ করে জাপান থেকে মধ্যপ্রাচ্যে টয়োটার রফতানি ৩৬ শতাংশ কমে ১ লাখ ৪ হাজার ৯৩টিতে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সার্বিক বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কমেছে, যার প্রধান কারণ ছিল চীনের বাজারে ১৭ দশমিক ১ শতাংশ বিক্রি কমে যাওয়া। তবে উত্তর আমেরিকার বাজারে হাইব্রিড গাড়ির বাড়তি চাহিদার কারণে বিক্রি দশমিক ৯ শতাংশ বেড়ে ১৪ লাখ ৫০ হাজার ইউনিটে পৌঁছায়।
অন্যদিকে জাপানের অভ্যন্তরীণ বাজারে বিক্রি ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি-জুন সময়ে সংস্থাটির বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির সম্মিলিত বিক্রি ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ২৭ লাখ ১০ হাজার ইউনিটে পৌঁছেছে।
এর মধ্যে শুধু বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি ২ দশমিক ৪ গুণ বেড়ে ১ লাখ ৯৩ হাজার ১৭২ ইউনিটে দাঁড়ায়, যা টয়োটার ইতিহাসে প্রথমার্ধের সর্বোচ্চ বিক্রির নতুন রেকর্ড।