সরবরাহ সংকটে ১৬ মাসের সর্বোচ্চে তামার দাম

বিশ্ববাজারে তামার দাম শুক্রবার ১৬ মাসের সর্বোচ্চে পৌঁছেছে।

বিশ্ববাজারে তামার দাম শুক্রবার ১৬ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতবপণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের নিম্নমুখী চাহিদা মূল্যবৃদ্ধির প্রবণতাকে কিছুটা সীমিত করে তুলেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি ১০ হাজার ৫৯৯ ডলার ৫০ সেন্টে স্থির হয়। এর আগে ধাতবপণ্যটির দাম সর্বোচ্চ ১০ হাজার ৫২০ ডলারে পৌঁছেছিল, যা গত বছরের মে মাসের পর সর্বোচ্চ।

ইন্দোনেশিয়ার ফ্রিপোর্ট-ম্যাকমোরানের গ্রাসবার্গ খনি ৮ সেপ্টেম্বর ভূমিধসের পর কার্যক্রম স্থগিত করেছে। এর আগে এ বছর কঙ্গোর কামোয়া-কাকুলা ও চিলির এল টেনিয়েন্টে খনি থেকে সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটে। এতে বৈশ্বিক সরবরাহে চাপ বাড়িয়েছে।

প্যানমিউর লিবারামের বিশ্লেষক টম প্রাইস বলেন, ‘সরবরাহ সংকটের পাশাপাশি মার্কিন ডলারের বিনিময় হার কমে যাওয়াও তামার দামের উত্থানকে ত্বরান্বিত করছে।’

আরও