প্যারামাউন্ট স্কাইড্যান্সের জয়

ওয়ার্নার ব্রস অধিগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে নেটফ্লিক্স

নেটফ্লিক্স বলছে, সব সময় হিসাব-নিকাশ করে এগিয়েছে তারা। প্যারামাউন্ট স্কাইড্যান্স যে দামে প্রস্তাব দিয়েছে, ওই দামে গেলে চুক্তিটি আর লাভজনক থাকে না

কয়েক মাসের লড়াইয়ের পর ওয়ার্নার ব্রস ডিসকভারি অধিগ্রহণের দৌড়ে এগিয়ে থাকল প্যারামাউন্ট স্কাইড্যান্স। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স গতকাল জানিয়েছে, হলিউডের নামি কোম্পানিটির মালিকানা পেতে তারা আর দর বাড়াবে না। তাই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে। খবর রয়টার্স।

নেটফ্লিক্স বলছে, সব সময় হিসাব-নিকাশ করে এগিয়েছে তারা। প্যারামাউন্ট স্কাইড্যান্স যে দামে প্রস্তাব দিয়েছে, ওই দামে গেলে চুক্তিটি আর লাভজনক থাকে না।

এখন আনুষ্ঠানিকভাবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি বাতিল করে প্যারামাউন্টের প্রস্তাব গ্রহণ করতে হবে ওয়ার্নারের পরিচালনা পর্ষদকে।

ওয়ার্নারের প্রধান নির্বাহী ডেভিড জ্যাসলাভ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বোর্ড একবার প্যারামাউন্টের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি অনুমোদন করলেই, এটি আমাদের শেয়ারহোল্ডারদের জন্য বড় ধরনের আর্থিক মূল্য সৃষ্টি করবে। প্যারামাউন্ট স্কাইড্যান্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সমন্বয়ের সম্ভাবনায় আমরা উচ্ছ্বসিত এবং বিশ্বকে নাড়া দেয়ার মতো গল্প বলতে একসঙ্গে শুরু করার অপেক্ষায় আছি।’

চুক্তিতে জিততে প্যারামাউন্ট শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল এবং একপ্রকার আক্রমণাত্মক প্রচারণা চালিয়েছে। গত সপ্তাহে সম্ভাব্য নগদ প্রস্তাব বাড়ানোর ইঙ্গিত দিয়ে ওয়ার্নারকে আবার আলোচনার টেবিলে ফেরাতে সক্ষম হয় কোম্পানিটি।

এর আগে গতকাল ওয়ার্নার ব্রস জানায়, প্যারামাউন্টের সংশোধিত শেয়ারপ্রতি ৩১ ডলারের প্রস্তাব নেটফ্লিক্সের ২৭ ডলার ৭৫ সেন্টের তুলনায় বেশি আকর্ষণীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নেটফ্লিক্সের এক উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে চুক্তিটি আর যৌক্তিক পর্যায়ে না থাকায় তারা নেটফ্লিক্সকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন।

নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারানডস গত ২০ ফেব্রুয়ারি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, তারা দামি বাড়িয়ে প্রস্তাবটি আর এগিয়ে নেবে না। তিনি বলেছিলেন, নেটফ্লিক্স ‘খুবই শৃঙ্খলাপ্রবণ ক্রেতা’।

উপদেষ্টা আরো বলেন, নেটফ্লিক্স এমন এক বিলিয়নেয়ারের সঙ্গে প্রতিযোগিতা করছিল, যিনি ওয়ার্নার ব্রসের জন্য এমন দাম দিতে প্রস্তুত, যা নেটফ্লিক্সের কাছে অযৌক্তিক মনে হয়েছে।

মূলত ল্যারি এলিসনের দিকে ইঙ্গিত করে মন্তব্যটি করা হয়েছে। ল্যারি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান এবং প্যারামাউন্টের প্রধান নির্বাহী ডেভিড এলিসনের বাবা।

প্রস্তাব এগিয়ে না নেয়ার ঘোষণার পর নেটফ্লিক্সের শেয়ারদর ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের একীভূত হলে হলিউডের দুটি বড় স্টুডিও, দুটি স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস এবং দুটি সংবাদ সংস্থা সিএনএন ও সিবিএস এক ছাতার নিচে আসবে।

এলিসন পরিবারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবুও চুক্তিটি অ্যান্টিট্রাস্ট (প্রতিযোগিতা-বিরোধী) পর্যালোচনার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও