যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও চীন থেকে তীব্র প্রতিযোগিতার মুখে ইউরোপের রাসায়নিক প্লান্টগুলো বিক্রির চেষ্টা করছে বিশ্বের অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যাল কোম্পানি এক্সনমোবিল। পদক্ষেপটি এমন সময় নেয়া হচ্ছে, যখন জ্বালানি খাতে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, ফাইন্যান্সিয়াল টাইমস।
সম্প্রতি প্লান্টগুলো বিক্রির সম্ভাবনা নিয়ে পরামর্শকদের সঙ্গে আলোচনা করেছে এক্সনমোবিল। সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্লান্ট বিক্রির মাধ্যমে ১০০ কোটি ডলার পর্যন্ত আয় হতে পারে। যুক্তরাজ্য ও বেলজিয়ামের প্লান্টগুলো বিক্রির কথা বিবেচনা করছে কোম্পানিটি।
ইউরোপ থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার চেষ্টা করছে এক্সনমোবিলের মতো অন্যান্য রাসায়নিক কোম্পানিও। চলতি বছরের শুরুতে চারটি ইউরোপীয় প্লান্ট বিক্রি করেছে লায়নডেলব্যাজেল এবং সৌদি আরবের স্যাবিকের মতো কোম্পানিও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে।
পাশ্চাত্যের দেশগুলোয় রাসায়নিক খাত একটি দীর্ঘমেয়াদি মন্দার মুখে পড়েছে। এর প্রধান কারণ হলো অতিরিক্ত উৎপাদন, প্রত্যাশার চেয়ে দুর্বল চাহিদা ও কম খরচে উৎপাদনে সক্ষম চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ থেকে আসা রাসায়নিক পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে কিছুটা সুরক্ষা দিয়েছে। তবে এতে চাপ বেড়েছে ইউরোপীয় শিল্প খাতে।