উত্তরাঞ্চলের কৃষি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি

রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো এ স্কিমের আওতাভুক্ত থাকবে।

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো এ স্কিমের আওতাভুক্ত থাকবে। কৃষি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বিপণন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, অবকাঠামো উন্নয়ন ও রফতানিমুখী কৃষি কর্মকাণ্ডে এ তহবিল থেকে অর্থায়ন করা হবে। এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদের উপস্থিতিতে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এমটিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে এমটিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে, যা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণ করা যাবে। সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর এ স্কিমের মেয়াদ থাকবে। ৩ হাজার কোটি টাকার তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদনে, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বিপণন ও অবকাঠামো উন্নয়নে, ৩৫ শতাংশ কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে এবং বাকি ১৫ শতাংশ কৃষি ও কৃষিভিত্তিক পণ্য রফতানিতে বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসায় অর্থায়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্যের উৎপাদন থেকে রফতানি পর্যন্ত মূল্য শৃঙ্খলে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নিয়েছে এমটিবি।

আরও