ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য ভোজ্যতেলের দরপতনের প্রভাবে গত সপ্তাহে পণ্যটির দাম কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে শুক্রবার সাপ্তাহিক বাজারের শেষ দিনে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে টনপ্রতি ৫৩ রিঙ্গিত বা ১ দশমিক ২৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমে এসেছে ৪ হাজার ১৫৩ রিঙ্গিতে (১ হাজার ৫২ ডলার ৭২ সেন্টে)। এছাড়া সপ্তাহজুড়ে মালয়েশীয় পাম অয়েলের দরপতনের হার ছিল ১ দশমিক ৮ শতাংশ।
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘বিকল্প ভোজ্যতেলের সঙ্গে মূল্য ফারাক সমন্বয় এবং আগামী সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া মালয়েশিয়া পাম অয়েল কনফারেন্স সামনে রেখে বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা।’
এছাড়া ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) ডিসিইতে সয়াবিন তেলের দাম দশমিক ৪৪ শতাংশ কমেছে। এ সময় পাম অয়েলের চুক্তিমূল্য কমেছে ১ দশমিক শূন্য ২ শতাংশ। এছাড়া গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম দশমিক ৫৫ শতাংশ কমেছে।