বিজিএমইএ প্রশাসকের সঙ্গে ডব্লিউআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের (ডব্লিউআরসি) প্রতিনিধিদল বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন ডব্লিউআরসির ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি তুলসী নারায়নস্বামী, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোদ্বীপ গুহ ও বাংলাদেশে ডব্লিউআরসির প্রতিনিধি সৈকত মল্লিক।

বৈঠকে বিজিএমইএ প্রশাসক ডব্লিউআরসি প্রতিনিধিদলকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের চ্যালেঞ্জ এবং সুযোগগুলো বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প কীভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তা তুলে ধরেন।

আলোচনাকালে আনোয়ার হোসেন পোশাক শিল্পকে আরো টেকসই করতে যৌক্তিক মূল্য, যা পোশাক শ্রমিকদের কল্যাণকে প্রভাবিত করে, তার ওপর জোর দেন। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সে বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে না।

তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। ডব্লিউআরসি নেতাদেরকে তিনি শ্রমমান উন্নয়ন ও যৌক্তিক মূল্য পরিশোধের বিষয়ে ব্র্যান্ড বা ক্রেতাদের ওপর চাপ দেয়ার জন্য অনুরোধ জানান। ডব্লিউআরসি প্রতিনিধিদল বিষয়টি বিবেচনা করার বিষয়ে বিজিএমইএ প্রশাসককে আশ্বাস দিয়েছেন।

আরও