চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে ইন্দোনেশিয়ায় চাল উৎপাদন গত বছরের তুলনায় ১২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। এ সময় দেশটিতে চালের মোট উৎপাদন ৩ কোটি ১০ লাখ ৪০ হাজার টনে পৌঁছবে বলে ধারণা করছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। খবর বিজনেস রেকর্ডার।
সংস্থাটির হিসাব অনুযায়ী, জানুয়ারি-জুলাই পর্যন্ত মোট চাল উৎপাদন হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮৬ শতাংশ বেশি। আগস্ট-অক্টোবর পর্যন্ত উৎপাদন দাঁড়াতে পারে ৯১ লাখ ১০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১৭ শতাংশ বেশি।
পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ এ বছর চাল উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।