আশুগঞ্জ পাওয়ার বন্ড

তৃতীয় ধাপে চলতি মাসে অবসায়ন হবে ২ লাখ ইউনিট

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ডের তৃতীয় ধাপে অবসায়ন চলতি মাসে সম্পন্ন হবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ডের তৃতীয় ধাপে অবসায়ন চলতি মাসে সম্পন্ন হবে। এক্ষেত্রে অবসায়ন করা হবে বন্ডটির দুই লাখ ইউনিট। বন্ডটির ট্রাস্টি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিদ্ধান্ত ও ইনফরমেশন মেমোরেন্ডাম অনুসারে এ অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এপিএসসিএল বন্ডের ইনফরমেশন মেমোরেন্ডাম অনুসারে, চার ধাপে বন্ডটির মূল অর্থ ফেরত দেয়া হবে। এক্ষেত্রে প্রতি ধাপে মূল অর্থের ২৫ শতাংশ করে ফেরত দেয়া হবে। তৃতীয় ধাপে চলতি বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়ন হবে। এক্ষেত্রে ১ হাজার ২৫০ টাকা অভিহিত মূল্যে ২৫ কোটি টাকা ফেরত দেয়া হবে। সাত বছর মেয়াদের জন্য বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল এপিএসসিএল। বন্ড ইস্যুর সময় কোম্পানিটি জানিয়েছিল, চতুর্থ বছর শেষে বার্ষিক ২৫ শতাংশ হারে বন্ডের মূল অর্থ ফেরত দেয়া শুরু হবে। এরই মধ্যে ২০২৪ সালে প্রথম ধাপে ৩ হাজার ৭৫০ টাকা অভিহিত মূল্যে বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়ন করা হয়েছিল, যার মোট মূল্য ছিল ৭৫ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরো ২৫ শতাংশ ইউনিট অবসায়ন করা হয়েছে। এক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা অভিহিত মূল্যে বন্ডটির দুই লাখ ইউনিট অবসায়নের মোট অর্থের পরিমাণ ছিল ৫০ কোটি টাকা। একইভাবে এবার তৃতীয় ধাপে অবসায়নের সময় বন্ডটির অভিহিত মূল্য হবে ১ হাজার ২৫০ টাকা এবং চতুর্থ ধাপের সময় পুরোটাই অবসায়ন হয়ে যাবে।

২০১৯ সালের নভেম্বরে বন্ড ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করে এপিএসসিএল। পাশাপাশি আইপিওর বাইরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরো ৫০০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের মধ্যে ভূমি উন্নয়ন ও পূর্তকাজের জন্য ৪৬ কোটি ৮০ লাখ টাকা, প্রাথমিক জ্বালানি কেনায় ৩০ কোটি, যানবাহন ক্রয়ে ৩ কোটি ৬০ লাখ, প্রকৌশলী ও পরামর্শকসেবার জন্য ৪ কোটি ৪০ লাখ, চলতি মূলধন বাবদ ১০ কোটি ৯৯ লাখ ও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খরচ খাতে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা ছিল। এর মধ্যে বন্ডের অব্যবহৃত ৩ কোটি ৯১ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা চলতি মূলধন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এপিএসসিএল।

আশুগঞ্জ পাওয়ার বন্ডের ট্রাস্টি সর্বশেষ ২০২৫ সালের ৫ জুলাই থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ বছরের দ্বিতীয় অর্ধবার্ষিক মেয়াদের জন্য বার্ষিক সাড়ে ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক সময়ের জন্য বন্ডধারীরা ৫ দশমিক ২৫ শতাংশ মুনাফা পাবেন। কুপন-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত ছিল ৪ জানুয়ারি।

রেকর্ড ডেট অনুযায়ী, বন্ডহোল্ডারদের তৃতীয় কিস্তির মূলধন অর্থাৎ মোট মূলধনের ২৫ শতাংশ নির্ধারিত কুপনসহ পরিশোধ করা হবে। রেকর্ড ডেটের পর থেকে বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য দাঁড়াবে ১ হাজার ২৫০ টাকায়।

আরও