থিম পার্কের সেবা ও পণ্যের দাম বাড়াল ডিজনি

কম দামের টিকিট ও সাধারণ সেবার দাম অপরিবর্তিত রেখে বেশি দামের প্রিমিয়াম সেবা ও সুবিধাগুলোর ওপর বাড়তি দাম বসিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতি বছরের মতো এবারো অক্টোবরের শুরুতে থিম পার্কের বিভিন্ন সেবা ও পণ্যের দাম বাড়িয়েছে ডিজনি। তবে এবার মূল্যবৃদ্ধির ধরন কিছুটা ভিন্ন। কম দামের টিকিট ও সাধারণ সেবার দাম অপরিবর্তিত রেখে বেশি দামের প্রিমিয়াম সেবা ও সুবিধাগুলোর ওপর বাড়তি দাম বসিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ভোক্তাদের ওপর চাপ কম রাখার পাশাপাশি আয় বাড়ানোর চেষ্টা করছে ওয়াল্ট ডিজনির মালিকানাধীন বিনোদন পার্কটি। চলতি মাস থেকে একই দিনে দুটি পার্কে প্রবেশের সুবিধা নিতে হলে বাড়তি ৫-১৫ ডলার পর্যন্ত খরচ হবে। মিড রেঞ্জের বেশির ভাগ টিকিটের দাম বেড়েছে প্রায় ৫ ডলার বা ৩ শতাংশ। ‘লাইটনিং লেন মাল্টি পাস’ নামের দ্রুত প্রবেশ সুবিধার দামও ১ ডলার বা ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

ফ্লোরিডায় অবস্থিত ডিজনির আরেক থিম পার্ক ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে অবশ্য দাম বাড়ানোর প্রবণতা বেশি। আগামী বছর পিক সিজন বা সবচেয়ে ভিড়ের সময়গুলোয় একদিনের টিকিটের দাম ১০ ডলার বাড়িয়ে ২২৯ ডলার করা হবে। তবে ভিড় কম থাকে এমন সময়ে সবচেয়ে কম দামের একদিনের টিকিটের মূল্য আগের মতোই ১১৯ ডলারে অপরিবর্তিত থাকবে।

ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের বার্ষিক পাসের দামও পাসভেদে ১০-১২০ ডলার পর্যন্ত বাড়ছে। মিড রেঞ্জের টিকিট, কয়েক দিনের টিকিট ও নির্দিষ্ট কিছু জনপ্রিয় রাইডে দ্রুত প্রবেশের সুবিধার দামও বাড়ানো হয়েছে।

সবচেয়ে বেশি দাম বাড়ছে লাইনে না দাঁড়িয়ে দ্রুত পার্কে ঢোকার ‘প্রিমিয়াম’ সুবিধায়। ভিড় ও চাহিদার ওপর ভিত্তি করে সেবাটির দাম ৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। এটি কিনলে আগে থেকে বুকিং করা ছাড়াই পার্কের সব সুযোগ-সুবিধায় সরাসরি দ্রুত প্রবেশের লাইনে যাওয়া যায়। খুব বেশি ভিড়ের সময় এ সেবার মোট দাম প্রায় ৫০০ ডলার ছুঁতে পারে।

ডিজনির কর্মকর্তারা বলছেন, বিভিন্ন বাজারে দর্শনার্থীর ধরন বুঝে দাম নির্ধারণ করা হয়। ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডে স্থানীয় দর্শনার্থীর সংখ্যা বেশি। তারা তুলনামূলকভাবে কম সময়ের জন্য পার্কে যান। তাই টিকিটের দাম বাড়লে সেখানে দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়ার ঝুঁকি বেশি।

অন্যদিকে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে দেশটির বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীরা যান। অনেকেই সেখানে যেতে উড়োজাহাজে ভ্রমণ করেন ও হোটেলে অবস্থান করেন। ফলে পুরো সফরের বড় খরচের তুলনায় টিকিটের দাম কয়েক ডলার বাড়লে পর্যটকরা সাধারণত পরিকল্পনা বাতিল করেন না।

ডিজনির মূল্যকৌশলের আরেকটি লক্ষ্য হলো সারা বছর দর্শনার্থীদের ভিড় তুলনামূলকভাবে সমান রাখা। বেশি দামের সেবা ও সুবিধার পাশাপাশি বিভিন্ন সময়ে ছাড় দেয়ার মাধ্যমে দর্শনার্থীদের ভ্রমণের সময় পরিবর্তনে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।

খবর ও ছবি সিএনএন

আরও