এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জিয়াউর রহমান জিয়া কর্মজীবন শুরু করেন ২০০৫ সালে।

এসবিএসি ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র পরিচালক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জিয়াউর রহমান জিয়া। অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসনে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জিয়াউর রহমান জিয়া দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) ও নির্বাচিত কাউন্সিল সদস্য। পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের (এসিএফই) সহযোগী সদস্য।

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জিয়াউর রহমান জিয়া কর্মজীবন শুরু করেন ২০০৫ সালে। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এ. কাসেম অ্যান্ড কোং-এর অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিয়াউর রহমান জিয়া বিভিন্ন খাতে নিরীক্ষা, নিশ্চয়তা প্রদান, পরামর্শ ও পরিপালন কার্যক্রমে অভিজ্ঞতার পাশাপাশি ব্যাংকের নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। নিরীক্ষা, জালিয়াতি শনাক্তকরণ, আর্থিক তদন্ত ও ঝুঁকি ব্যবস্থাপনায়ও তার বিশেষ দক্ষতা রয়েছে।

প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান জিয়া আরএস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি প্রগতি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক পর্যায়ে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হিসাববিষয়ক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এর আগে ২০২০ সালে আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান জিয়া। এছাড়া তিনি ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডিইউএস) সঙ্গে যুক্ত থেকে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

আরও