দাম বাড়ছে অ্যাপল পণ্যের

মেমোরি চিপের বাজারে আকস্মিক দাম বৃদ্ধিতে নিজেদের সব পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল।

প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে (ডব্লিউএসজে) দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ তথ্য জানান। খবর বিবিসি।

টিম কুক বলেন, ‘চিপের বাজারে বর্তমান পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। ফলে পণ্যের দাম বাড়িয়ে দেয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই।’

অ্যাপল ঠিক কবে থেকে পণ্যের দাম বাড়াবে ও কোন কোন পণ্যের ওপর এর প্রভাব পড়বে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এমনকি আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘আইফোন ১৮’-এর দাম বাড়বে কিনা, তাও এখনো পরিষ্কার নয়।

স্মার্টফোন বা এ ধরনের স্মার্ট ডিভাইসের অন্যতম প্রধান একটি অংশ হলো মেমোরি চিপ। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

টিম কুক বলেন, ‘বাড়তি খরচের বোঝা কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। এতদিন গ্রাহকদের এ দাম বৃদ্ধি থেকে আড়াল করার চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নেই।’

তিনি আরো জানান, বাজারে বর্তমানে মেমোরি চিপের সরবরাহ অনেক কম। অন্যদিকে গ্রাহকদের পক্ষ থেকে নতুন ডিভাইসের চাহিদা অনেক বেশি। মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ সুযোগে চিপের দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

ভোক্তা পণ্যের বাজার স্বাভাবিক রাখতে চিপের দাম ও সরবরাহ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন কুক। তথ্য অনুযায়ী, কম্পিউটারের অন্যতম সাধারণ উপাদান র‍্যামের দাম গত ২০২৫ সালের অক্টোবরের পর থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, চিপের মূল্যবৃদ্ধির পেছনে কেবল এআই প্রযুক্তির চাহিদাই একমাত্র কারণ নয়। এর পেছনে রয়েছে বড় ধরনের ভূরাজনৈতিক সংকটও। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ তৈরির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিলিয়াম গ্যাস।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্যানুযায়ী, চিপের দাম বাড়ার কারণে ২০২৬ সালে বিশ্বজুড়ে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। এটি হবে স্মার্টফোনের ইতিহাসের সর্বোচ্চ গড় মূল্য।

ওমডিয়ার স্মার্টফোন বাজার বিশ্লেষক চিউ লে জুয়ান বিবিসিকে বলেন, অ্যাপলের নতুন ফোনগুলোর দাম আইফোন ১৭-এর চেয়ে প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। কারণ নতুন এআই ফিচারগুলো সচল রাখার জন্য অ্যাপলকে ফোনের ভেতরের প্রযুক্তি ও স্পেসিফিকেশন উন্নত করতে হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ধরে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালনের পর আগামী সেপ্টেম্বরে পদত্যাগ করছেন টিম কুক। তার পরিবর্তে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস।

আরও