গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে ২৮৫তম উপশাখা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান একেএম আব্দুর রকীব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও জনপথ শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, ‘গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য, যার অংশ হিসেবে নতুন উপশাখাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে উত্তরা এলাকার গ্রাহকরা আরো সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।’
তিনি বলেন, ‘পূবালী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিরও গুরুত্বপূর্ণ অংশীদার।’ আমানত সংগ্রহ, বিনিয়োগ, রেমিট্যান্স ও আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুসহ স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।