বাজারে আসছে ৫,৫০০ কোটি টাকার স্বল্পমেয়াদি সুকুক বন্ড

দেশে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড ‘‌বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ইস্যু করতে যাচ্ছে সরকার।

২৭৩ দিন বা নয় মাস মেয়াদি এ সুকুকের মাধ্যমে বাজার থেকে সাড়ে ৫ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শরিয়াহ সিকিউরিটিজ মডিউল বা এসএসএমের মাধ্যমে ২৮ জুন (রোববার) এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারের ‘‌অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২’-এর বিপরীতে ইজারা পদ্ধতিতে সুকুকটি ইস্যু করা হবে। বিনিয়োগকারীরা সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে অনলাইনে নিজেদের বিড (ডাক) দাখিল করতে পারবেন। সফল বিডারদের অনুকূলে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ একই দিন বিকাল ৪টায় তাদের নিজ নিজ আইডিতে দেখা যাবে।

এ সুকুকের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ২৯ মার্চ পর্যন্ত। বিনিয়োগকারীদের বার্ষিক ৯ দশমিক ৩৬ শতাংশ হারে এককালীন মুনাফা দেয়া হবে। সে হিসেবে সাড়ে ৫ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুকে ভাড়া বাবদ বিনিয়োগকারীদের মোট ৩৮৫ কোটি ৪ লাখ টাকা পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি এ নিলামে অংশ নিতে পারবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম হবে ১০ হাজার টাকা।

সুকুকে অংশ নিতে ইচ্ছুক নতুন বিনিয়োগকারীদের ২৫ জুনের মধ্যে তাদের সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সুকুক ইনভেস্টর আইডি বা এসআইআইডি খোলার কাজ সম্পন্ন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

আরও