ঈদের পর স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর দেশের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর দেশের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে গতকাল বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশ থেকে রফতানিও হয়েছে।

ঈদের পর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল পণ্যবাহী ৪০০টি ট্রাক ভারত থেকে বেনাপোলে প্রবেশ করেছে। যার মধ্যে ১২০টি ট্রাকে পচনশীল পণ্য রয়েছে। বাকি ২৮০টিতে রয়েছে সাধারণ পণ্য। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম আজ (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হবে। অন্যদিকে টানা ছুটিতেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ-৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। গতকাল দুপুর থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হলে বন্দর এলাকায় যানজট দেখা দেয়। বেনাপোলের মতো পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা আটদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল। তবে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, ঈদের ছুটি শেষে গতকাল দুপুর থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এদিন পণ্যবাহী ৪০০টি ট্রাক ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। আজ (৬ মার্চ) বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হলে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে আসবে। পণ্য খালাস শুরু হলে বন্দর এলাকার যানজটও কমে আসবে বলে জানান তিনি।

এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল পাঁচটি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ ভারতে রফতানি করা হয়েছে। স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ-৪ এপ্রিল পর্যন্ত টানা আটদিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। আজ (গতকাল) থেকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ভারতে মাছ পাঠানোর মাধ্যমে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদের ছুটিতে টানা আটদিন দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল।

অন্যদিকে ঈদের ছুটি শেষে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, ঈদের আগে ও পরে সব মিলিয়ে মোট নয়দিন এ শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। গতকাল থেকে পুনরায় রেলযোগে আমদানি-রফতানি শুরু হয়েছে।

দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রমজান জানান, ঈদের ছুটিতেও ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচলের সুবিধার্থে চেকপোস্টের সেবা অব্যাহত ছিল।

আরও