এশিয়ার প্রায় সব প্রধান শেয়ারবাজার সূচকে পতন

এশিয়ার প্রায় সব প্রধান শেয়ারবাজার সূচকে পতন দেখা গেছে গতকাল। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন শেয়ারবাজারের গতিপ্রকৃতি।

এশিয়ার প্রায় সব প্রধান শেয়ারবাজার সূচকে পতন দেখা গেছে গতকাল। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন শেয়ারবাজারের গতিপ্রকৃতি। গত সোমবার ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোয় রেকর্ড উচ্চস্তর থেকে পতন ঘটে। এছাড়া ফেডারেল রিজার্ভ (ফেড) চলমান বৈঠকে সুদহার কমাবে কিনা এ-সংক্রান্ত উদ্বেগ বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলেছে। খবর রয়টার্স ও এপি।

গতকাল এশিয়ার প্রধান শেয়ারবাজার সূচকগুলোর মধ্যে জাপানের নিক্কেই ২২৫ ব্যতিক্রম ছিল। সূচকটি বেড়েছে দশমিক ১ শতাংশ। জাপান বাদ দিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিস্তৃত এমএসসিআই সূচক দশমিক ৬৫ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে ওয়াল স্ট্রিটের দুর্বল পারফরম্যান্সকে উল্লেখ করছেন বিশ্লেষকরা। সতর্কবার্তা দিচ্ছে ইউরোপিয়ান ফিউচার সূচকগুলোও।

চীনের বিনিয়োগকারীদের নজরে রয়েছে দেশটির সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স। এ সভায় চীনের কমিউনিস্ট পার্টির বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনাগুলো উত্থাপন করা হয়। গতকাল চীনের মূল ভূখণ্ডের সাংহাই কম্পোজিট সূচক কমেছে দশমিক ৪ শতাংশ। হংকংয়ে হ্যাং সেং সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে।

দক্ষিণ কোরিয়ার কসপি ও তাইওয়ানের তাইএক্স কমেছে যথাক্রমে দশমিক ৩ ও দশমিক ৪ শতাংশ। এছাড়া অস্ট্রেলিয়া এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক কমেছে দশমিক ৪ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গতকাল সুদহার ৩ দশমিক ৬ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। ব্যাংকটি কিছু নীতি শিথিলকরণ সুবিধা বাতিল করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হলে পরবর্তী সময়ে সুদহার বাড়তে পারে। এমন খবরের প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার প্রায় তিন মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছায়।

চীনে অনুমোদিত গ্রাহকদের কাছে এইচ২০০ এআই চিপ বিক্রি করা যাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারদরে। সোমবার আফটারআওয়ার ট্রেডিংয়ে চিপ জায়ান্টটির শেয়ারদর ২ দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছেন তিনি এবং প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। এছাড়া নিয়মিত লেনদেনে এনভিডিয়ার শেয়ারদর বাড়ে ১ দশমিক ৭ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এ পদক্ষেপের বিস্তৃত প্রভাব থাকতে পারে। ক্যাপিটাল ইকোনমিকসের জুলিয়ান ইভানস-প্রিচার্ড বলেন, ‘চীনের এআই অবকাঠামো দ্রুত সম্প্রসারণ হবে। দেশটির এআই মডেলগুলো মার্কিন মডেলগুলোর সমতুল্য বা সেগুলোকে ছাড়িয়ে যেতে পারে।’

বুধবার শেষ হবে যুক্তরাষ্ট্রে ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) দুদিনের বৈঠক। বিনিয়োগকারীরা এ বৈঠকের দিকেই তাকিয়ে আছেন। একপক্ষ ধারণা করছে, দুর্বল শ্রমবাজার মোকাবেলায় সুদহার কমাতে পারে ফেড। তবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখনো ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি হওয়ায় সুদহার কমানো নিয়ে কেউ কেউ উদ্বিগ্ন।

কিছু বিশ্লেষক মনে করছেন, এফওএমসির সদস্যরা সুদহার বিষয়ে তীব্রভাবে বিভক্ত থাকবেন। জেরোম পাওয়েলের মেয়াদ শেষে কে ফেড চেয়ারম্যান হবেন, এ নিয়ে বাজারে ব্যাপক কৌতূহল রয়েছে। হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ও সম্ভাব্য ফেড চেয়ার প্রার্থী কেভিন হাসেটের মতে, সুদহার কমানোর চেষ্টা চালিয়ে যেতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।

পিকটেট ওয়েলথ ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শিয়াও কুই আশা করছেন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় বেশি মূল্যস্ফীতি ও ধীরগতির চাকরি বাজার ফেডের অভ্যন্তরীণ বিভাজন বাড়াবে। ২০২৬ সাল নীতিনির্ধারকদের জন্য এটি চ্যালেঞ্জিং হবে, ফলে ওই বছরের দ্বিতীয়ার্ধে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত হতে পারে।

মার্কিন শেয়ারবাজারের অন্যতম সূচক এসঅ্যান্ডপি ৫০০ সোমবার দশমিক ৩ শতাংশ পতন দেখেছে। এ দিয়ে ১১ দিনের মধ্যে দ্বিতীয়বার পতন দেখল সূচকটি। কিন্তু এটি এখনো অক্টোবরের রেকর্ড উচ্চতার দশমিক ৬ শতাংশের মধ্যে রয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ও নাসডাক কম্পোজিট সূচক কমেছে যথাক্রমে দশমিক ৪ ও দশমিক ১ শতাংশ।

ওয়ার্নার ব্রস অধিগ্রহণ নিয়ে প্যারামাউন্ট স্কাইড্যান্সের এক ঘোষণার পর নেটফ্লিক্সের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। প্যারামাউন্ট জানিয়েছে, তারা ১০৮ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস অধিগ্রহণ করতে চায়। শেয়ারপ্রতি ৩০ ডলারের মাধ্যমে তারা বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ নগদায়নের সুযোগ দিচ্ছে। অন্যদিকে ওয়ার্নার ব্রস ও প্যারামাউন্ট স্কাইড্যান্সের শেয়ারদর বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৪ ও ৯ শতাংশ।

আরও