সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। সরবরাহ বাড়ার প্রভাবে অঞ্চলটির স্থানীয় বাজারে কমে এসেছে গুঁড়া হলুদের দাম। এক মাসের ব্যবধানে সাতক্ষীরায় পণ্যটির দাম খুচরায় কমেছে কেজিপ্রতি ২৫-৩০ টাকা।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাজাত পণ্য বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ খুচরায় বিক্রি হয়েছে ২৪০ টাকা দরে, এক মাস আগেও যা ছিল ২৬০-২৭০ টাকা। দাম কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় হলুদের দাম কমে এসেছে।
সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৫ হাজার ৭৭২ টন। যার মূল্য ছিল ২৭৪ কোটি ৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ভোমরা স্থলবন্দর দিয়ে ১৮৭ কোটি ১২ লাখ টাকা মূল্যের ১১ হাজার ২৯০ টন হলুদ আমদানি হয়। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ৪৮২ টন।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএস আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, যেকোনো পণ্যের আমদানি বাড়লে বাজারে তার প্রভাব পড়ে। এছাড়া হলুদের পাশাপাশি পেঁয়াজ-রসুনের দামও কমেছে।