শুক্র-শনিবার কাস্টম হাউজে শুল্কায়নসহ সব কাজ চলবে

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, কমলাপুর আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্র ও শনিবার দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রফতানি বিষয়ক সব কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, কমলাপুর আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম সচিব (কাস্টমস নীতি) রইচ উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, আমদানি-রফতানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের ‘পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে’। এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে ‘দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন’ রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি-রফতানি সংক্রান্ত সমিতিদেরও এটি অবহিত করা হয়েছে।

এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়া হয়; তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে পড়ে। তখন এনবিআরের সব কর্মী ঢাকায় আন্দোলনে যোগ দেয়ায় সব কাস্টম হাউজ অচল হয়ে পড়ে। চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রেখে ঢাকায় চলে আসায় তখনকার কমিশনারকে সাময়িক বরখাস্তও করা হয়।

আরও