চীনের শিল্প মন্ত্রণালয় প্রাথমিক নিবন্ধনের ছয় মাসের মধ্যে গাড়ি পুনরায় বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এ পদক্ষেপের লক্ষ্য হলো তথাকথিত ‘জিরো-মাইলেজ ইউজড কার’ বা বিক্রি না হওয়া সত্ত্বেও ব্যবহৃত হিসেবে তালিকাভুক্ত গাড়ির বিক্রি বন্ধ করা। গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের একটি গাড়ি শিল্প সংস্থা। খবর রয়টার্স।
দীর্ঘমেয়াদে কোম্পানিগুলোর মধ্যে মূল্যছাড় লড়াইয়ে জর্জরিত অবস্থা ও অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়ে ভুগছে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীন। এসব কারণে তৈরি হওয়া তীব্র প্রতিযোগিতার ফলে দেশটিতে ‘জিরো-মাইলেজ ইউজড কার’ বিক্রির প্রবণতা বেড়ছে।
এ পদ্ধতিতে নতুন গাড়িকে বিক্রির আগেই বীমার আওতায় নেয়া হয়। ফলে নির্মাতা ও ডিলাররা কাগজপত্রে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়। কিন্তু এটি ভোক্তা পর্যায়ে নানা জটিলতা তৈরি করতে পারে।
চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের প্রকাশনা ‘অটো রিভিউ’ সরকারি এ পরিকল্পনার কথা উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত একটি সম্পাদকীয়তে এ সরকারি পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
সেখানে জানানো হয়, আরেক শিল্প সংগঠন চায়না অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন ব্যবহৃত গাড়ি রফতানির জন্য একটি কোড সিস্টেম প্রস্তাব করেছে। এ কোড সিস্টেম ট্র্যাকিং বা শনাক্তকরণ পদ্ধতি, যার মাধ্যমে প্রতিটি রফতানীকৃত গাড়ির উৎস, ইতিহাস ও প্রকৃত অবস্থা যাচাই করা যাবে।
ওই সম্পাদকীয়তে আরো উল্লেখ করা হয়েছে, চেরি ও বিওয়াইডির মতো শীর্ষ কিছু কোম্পানি ডিলারদের অনিয়মের জন্য জবাবদিহির আওতায় আনতে চাইছে। বিশেষ করে বিক্রির আগেই গাড়ির লাইসেন্স করানোসহ নানা কৌশল তাদের নজরে এসেছে।
যদি এ পদক্ষেপগুলো কার্যকর হয়, তবে এটি হবে ‘জিরো-মাইলেজ ইউজড কার’ বন্ধে চীন সরকারের প্রথম নীতিগত পদক্ষেপ।
গত মাসে গ্রেট ওয়াল মোটরের সিইও ওয়েই জিয়ানজুন বিষয়টি প্রকাশ্যে আনার পর এটি চীনের জন্য একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়। এরপর বেশকিছু তৎপরতা থেকে এ ইঙ্গিত মেলে যে চীনের কেন্দ্রীয় সরকার দমনমূলক ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে গত মাসে চীনা কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্রে ‘জিরো-মাইলেজ ইউজড কার’ প্রবণতার কঠোর সমালোচনা করেছে। এছাড়া গত বুধবার চীনের মন্ত্রিসভা এক ঘোষণায় স্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি শিল্পে ‘অযৌক্তিক প্রতিযোগিতা’ নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেয়।