সেই সঙ্গে ডলারের বিনিময় হার এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছায় বিশ্ববাজারে ধাতুটির দাম সাপ্তাহিক পতনের মুখে পড়েছে। ডলারের বিনিময় হার বাড়লে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তামা কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার বাজার আদর্শ দর দশমিক ৬ শতাংশ কমে প্রতি টন ১৩ হাজার ৬০৪ ডলারে নেমেছে। এ নিয়ে টানা দুই কার্যদিবস ধাতুটির দাম কমল। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের অবসানে একটি শান্তি চুক্তির আশায় টানা চারদিন তামার দাম বেড়েছিল। তবে আলোচনা স্থগিতের ঘোষণায় সপ্তাহ শেষে ধাতুটির দাম দশমিক ৭ শতাংশ পতনের দিকে এগোচ্ছে।
সুইজারল্যান্ড নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্য বিরোধ মেটাতে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত আলোচনাটি স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর বাতিলের পর চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। ভ্যান্সের এ সিদ্ধান্তের পর ডলারের সূচক দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা ধাতুর বাজারে চাপ সৃষ্টি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের প্রথম বৈঠকের পর সুদাহার দীর্ঘ সময় উচ্চ স্তরে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এটিও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। উচ্চ সুদহার সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করে, যা তামার মতো শিল্প কাঁচামালের চাহিদা কমিয়ে দেয়।
অবশ্য বিশ্ববাজারে তামার মজুদ কম থাকায় দাম একেবারে ধসে পড়েনি। এলএমইতে তামার মজুদ কমে ৩ লাখ ৫২ হাজার ১৫০ টনে নেমেছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া সাংহাই ফিউচার এক্সচেঞ্জে মজুদ ২৩ দশমিক ৬ শতাংশ কমে ডিসেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ড্রাগন বোট উৎসবের কারণে শুক্রবার চীনের এ এক্সচেঞ্জ বন্ধ ছিল।
এদিকে এলএমইতে একমাত্র অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৪০৩ ডলারে দাঁড়িয়েছে। তবে অন্য ধাতুর মধ্যে নিকেলের দাম দশমিক ১ শতাংশ, টিন দশমিক ৫, দস্তা বা জিঙ্ক দশমিক ৮ ও সিসার দাম দশমিক ৯ শতাংশ কমেছে।