নভেম্বরে বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদন কিছুটা বেড়েছে

বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে কিছুটা বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডস্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)।

বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে কিছুটা বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডস্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)।

ওয়ার্ল্ডস্টিলের দেয়া তথ্যানুযায়ী, নভেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন পৌঁছেছে ১৪ কোটি ৬৮ লাখ টন, গত বছরের একই সময় যা ছিল ১৪ কোটি ৫৬ লাখ টন।

বিশ্বে ধাতব পণ্য উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম চীন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অন্যান্য কারণে দেশটিতে চলতি বছরের শুরুর দিকে ইস্পাত উৎপাদনে মন্দা দেখা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে চীন সরকার অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দেয়। এর পর থেকে উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে।

ওয়ার্ল্ডস্টিলের দেয়া তথ্যানুযায়ী, শীর্ষ উৎপাদনকারী দেশটি নভেম্বরে মোট ৭ কোটি ৮৪ লাখ টন ইস্পাত উৎপাদন করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময় উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে মোট ১ কোটি ২৪ লাখ টনে পৌঁছায়। এছাড়া জানুয়ারি-নভেম্বর পর্যন্ত দেশটির মোট উৎপাদন পৌঁছেছে ১৩ কোটি ৫৯ লাখ টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

রাশিয়ায় গত মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৯ দশমিক ২ শতাংশ। মোট উৎপাদন নেমেছে ৫৫ লাখ টনে। দক্ষিণ কোরিয়ার উৎপাদনও ৩ দশমিক ৬ শতাংশ কমে ৫২ লাখ টন হয়েছে। জার্মানির উৎপাদন ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৯ লাখ টন হয়েছে। জাপানের উৎপাদন ৩ দশমিক ১ শতাংশ কমে ৬৯ লাখ টনে নেমেছে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ২ দশমিক ৮ শতাংশ কমে ৬৪ লাখ টনে নেমেছে। ব্রাজিলের উৎপাদন ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৮ লাখ টন হয়েছে। ইরানের উৎপাদন দশমিক ১ শতাংশ বেড়ে ৩১ লাখ টন হয়েছে। তুরস্কের উৎপাদন দশমিক ৭ শতাংশ বেড়ে ৩০ লাখ টন পৌঁছেছে।

অঞ্চলভিত্তিক অপরিশোধিত ইস্পাত উৎপাদনের তথ্যও প্রকাশ করেছে ওয়ার্ল্ডস্টিল। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, আফ্রিকা চলতি বছরের নভেম্বরে মোট ১৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম। এ সময় এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর উৎপাদন ১০ কোটি ৭৪ লাখ টনে পৌঁছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো গত মাসে ১ কোটি ৭ লাখ টন ইস্পাত উৎপাদন করে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। ইউরোপের অন্য দেশগুলোয় এ সময় উৎপাদন কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। মোট উৎপাদন নেমেছে ৩৪ লাখ টনে।

নভেম্বরে মধ্যপ্রাচ্যে ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। উত্তর আমেরিকার গত মাসে উৎপাদন ৫ দশমিক ২ শতাংশ কমে মোট ৮৫ লাখ টনে নেমে যায়।

রাশিয়াসহ অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ও ইউক্রেন নভেম্বরে ৬৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম। দক্ষিণ আমেরিকার উৎপাদন এ সময় ৩ দশমিক ৪ শতাংশ কমে ৩৪ লাখ টনে নেমে যায়।

ওয়ার্ল্ডস্টিল সম্প্রতি বৈশ্বিক ইস্পাতের চাহিদা নিয়ে স্বল্পমেয়াদি পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা কমে ১৭৫ কোটি ১০ লাখ টন হতে পারে। তবে আগামী বছর তা আবার বেড়ে ১৭৭ কোটি ২০ লাখ টন হতে পারে।

আরও