থাইল্যান্ড ও ভিয়েতনামে বেড়েছে চালের দাম ভারতে স্থিতিশীল

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা বজায় ছিল। এ সময় প্রধান ক্রেতা দেশগুলো থেকে ক্রয়াদেশ বাড়ায় ভিয়েতনামের খাদ্যশস্যটির দর কিছুটা ঊর্ধ্বমুখী ছিল।

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা বজায় ছিল। এ সময় প্রধান ক্রেতা দেশগুলো থেকে ক্রয়াদেশ বাড়ায় ভিয়েতনামের খাদ্যশস্যটির দর কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এছাড়া থাইল্যান্ডে অভ্যন্তরীণভাবে চালের দাম বাড়ার কারণে রফতানি মূল্যেও তার প্রভাব পড়েছে। আর ভারতে ধানের দাম বাড়লেও এর প্রভাবকে সীমিত করে তুলেছে রুপির বিনিময় হারে পতন। খবর বিজনেস রেকর্ডার।

থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দর ছিল টনপ্রতি ৩৯০-৪০০ ডলার, যা গত ২৪ ডিসেম্বরের পর সর্বোচ্চ। আগের সপ্তাহে দেশটিতে একই মানের চাল টনপ্রতি ৩৮০ ডলারে বেচাকেনা হয়েছে। ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায় রফতানিকারক ও চালকল মালিকরা নতুন ফসলের পরিস্থিতি মূল্যায়নের অপেক্ষায় রয়েছেন। এছাড়া বাথের বিনিময় হারও দামের ওঠানামায় কিছুটা ভূমিকা রেখেছে।

তবে সামগ্রিকভাবে বাজারে চালের চাহিদা এখনো কম। এক ব্যবসায়ী জানান, নিয়মিত ক্রেতারা ছোট পরিসরে কেনাকাটা করছেন। এছাড়া পানির সরবরাহ অনুকূল থাকায় চলতি মৌসুমে উৎপাদন ভালো হবে বলে ধারণা করা হচ্ছে।

ভিয়েতনামে বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চালের দর ছিল টনপ্রতি ৩৬০-৩৬৭ ডলার, এক সপ্তাহ আগে যা ছিল টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলার। হো চি মিন সিটির এক ব্যবসায়ী জানান, চাহিদা স্থিতিশীল রয়েছে এবং ফিলিপাইন ও মালয়েশিয়ার মতো প্রধান ক্রেতাদের কাছ থেকে অর্ডার বাড়ছে। ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে ফিলিপাইন প্রায় তিন লাখ টন চাল কিনতে পারে।

প্রাথমিক শিপিংয়ের তথ্যানুযায়ী, ২৬ জানুয়ারি পর্যন্ত চলতি বছর ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোয় ১ লাখ ২৮ হাজার টন চাল রফতানির জন্য বন্দর থেকে পাঠানোর প্রস্তুতি আছে। এর বেশির ভাগই যাবে ফিলিপাইন ও মালয়েশিয়ায়।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলারে স্থিতিশীল ছিল। এ সময় একই মানের আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৪৮-৩৫৩ ডলার। কলকাতাভিত্তিক এক রফতানিকারক বলেন, ‘বাজারে চালের সরবরাহ এখনো অনেক বেশি। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে রুপি আমাদের সহায়তা করছে। তবে চাহিদা এখনো দুর্বল।’

আরও