ভারতে গাড়ির চাহিদা বাড়ার প্রত্যাশা এবং প্রধান উৎপাদক দেশ থাইল্যান্ডে প্রতিকূল আবহাওয়ায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে জাপানি রাবারের দাম কেজিপ্রতি ১ দশমিক ৭ ইয়েন বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৩২০ ইয়েনে (প্রায় ২ দশমিক ১৭ ডলার) পৌঁছেছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রাবারের দাম টনপ্রতি ১৫ হাজার ৮২৫ ইউয়ানে (২ হাজার ২০২ ডলার ১৪ সেন্ট) স্থির হয়েছে।
ভারতে ছোট গাড়ির ওপর থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটি বিশ্লেষকরা বলছেন, এতে দীর্ঘকাল ধরে দুর্বল থাকা চাহিদা আবার বাড়বে। টায়ার তৈরির কাঁচামাল হিসেবে রাবারের চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ ২১-২৪ আগস্ট ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে, যা ফসলের ক্ষতি করতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।