পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখিতা

প্রায় সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

এদিন প্রায় সব খা‌তের শেয়া‌রে ইতিবাচক রিটার্ন এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১ শতাংশ বেড়েছে। এছাড়া চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর পর থেকেই ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৫৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১২৯ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেস্ট হোল্ডিংস, আইপিডিসি, সিটি ব্যাংক ও শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার।

ডিএসইতে গতকাল ৮২৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮৭৬ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত ছিল ৬১টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। প্রকৌশল খাত ১১ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১১ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ বীমা খাত। আর পঞ্চম অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ২ শতাংশ।

গতকাল বিবিধ খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। ভ্রমণ খাতে ৪ দশমিক ৫, সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৮, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে বিবিধ খাতের শেয়ারে ঋণাত্মক রিটার্ন এসেছে ২ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৩৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টির। গতকাল সিএসইতে ৯৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৪ কোটি টাকা।

আরও