চলতি মাসেই এসব পণ্য নিলামে তোলা হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। দুই দফায় এসব কনটেইনারে সংরক্ষিত পণ্য নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে বিশেষ ই-অকশন ০৮/২০২৬-এ ৭৬টি লটে ৯৩ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের কাপড়, কাগজ, গৃহস্থালি পণ্য ইত্যাদি।
আর ই-অকশন নম্বর ০৭/২০২৬-এ ৫৫টি লটে মোট ৭৫ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফ্যাব্রিকস, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ অন্যান্য পণ্য।
এনবিআরের ভাষ্যমতে, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে খালাস না হওয়া পণ্য নিয়মিতভাবে নিলামে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
আগ্রহী ক্রেতারা ০৭/২০২৬ নম্বর নিলামের পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং ০৮/২০২৬-এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালে সরজমিনে পরিদর্শন করে অনলাইনে বিড করতে পারবেন। নিলামে অংশ নিতে কাস্টমসের অকশন পোর্টালে নিবন্ধন করতে হবে।