দেশে টানা দুই মাস এল ৩ বিলিয়ন ডলারের কম রেমিট্যান্স

টানা দুই মাস ৩ বিলিয়ন ডলারের কম রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।

সদ্যসমাপ্ত জুলাইয়ে এসেছে ২ দশমিক ৮৫ বিলিয়ন বা ২৮৫ কোটি ডলার। জুনেও একই অবস্থা ছিল। ফলে এর মধ্য দিয়ে দেশে আবারো রেমিট্যান্স প্রবাহে ধীরগতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে গতকাল এ তথ্য জানা যায়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রবাসী আয়ে উল্লম্ফন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। মাঝে একবার মার্চে পৌনে ৪ বিলিয়ন ডলারের ঘরেও পৌঁছায় প্রবাসী আয়। দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স ছিল এটিই। পরবর্তী দুই মাসে প্রবাসী আয় কমলেও তা ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল। এপ্রিলে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার ও মে মাসে ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এরপরই প্রবাসী আয়ের প্রবাহ আবারো কমতে থাকে।

এদিকে জুলাইয়ে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে গেলেও গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালের একই মাসে দেশে এসেছিল ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশী মুদ্রায় প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ প্রায় ৪ লাখ ৩৭ হাজার কোটি টাকারও বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বৈধ পথে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনাধীন সবশেষ অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪-এ প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ৯১ ডলার।

আরও