দেশের পুঁজিবাজারে নির্বাচনের আগে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। গত সপ্তাহের তিন কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৫ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৩৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭২ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫৩টির, কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত ছিল আটটির। আর লেনদেন হয়নি ২৩টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও রেনাটা পিএলসির শেয়ার।
ডিএসইতে গত সপ্তাহের তিন কার্যদিবসে দৈনিক গড়ে ৬৩৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৬৮ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৪৭ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ। প্রকৌশল খাত ৭ দশমিক ৯৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা সাধারণ বীমার দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক শূন্য ৩ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ২৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া বস্ত্র খাতে ৫ দশমিক ৪১, ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৫৯ ও ব্যাংক খাতে ৩ দশমিক ৫৪ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৭৩১ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৯ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১২২ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২৯ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত ছিল ১৪টির।