বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ‘এনসিসি চায়না কানেক্ট’ নামক এ ডেস্কের মাধ্যমে বাণিজ্য অর্থায়ন, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দেয়া হবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এ ডেস্কের উদ্বোধন করা হয়। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ-চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এনসিসি ব্যাংকের এ উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন বাংলাদেশে চীনের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্লাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘চায়না ডেস্ক চালুর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।’ এনসিসি চায়না কানেক্ট নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন বলেন, ‘এনসিসি চায়না কানেক্টের মাধ্যমে আমরা চীনা ব্যবসাপ্রতিষ্ঠানকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে চাই, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।’
তিনি জানান, এনসিসি ব্যাংকের মাল্টিন্যাশনাল করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত ডেস্কটি চীনা উদ্যোক্তাদের কেন্দ্রীয় যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে। ম্যান্ডারিন ভাষায় সহায়তার পাশাপাশি ট্রেড ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, ক্যাশ ম্যানেজমেন্ট ও ডিজিটাল ব্যাংকিং সেবা দেয়া হবে।
এমডি আরো জানান, চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক এবং বিশ্বব্যাপী প্রায় ৪০০টি করেসপন্ডেন্ট ব্যাংকের নেটওয়ার্ক কাজে লাগিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি সহজ ও দ্রুত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবিতে চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরিতেও কাজ করছে এনসিসি ব্যাংক।
অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের সদস্যদের পাশাপাশি এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম; পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী (সাবেক চেয়ারম্যান), খায়রুল আলম চাকলাদার (নির্বাহী কমিটির চেয়ারম্যান), মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, তানজিনা আলী (সাবেক ভাইস চেয়ারম্যান), সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার ও মো. আমিরুল ইসলাম (অডিট কমিটির চেয়ারম্যান) উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা।