সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমে গেছে। এ কারণে অঞ্চলটিতে বেড়েছে মসলাপণ্যটির দাম। গতকাল সরজমিনে দেখা যায়, দেড়-দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে শুকনা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত।
সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলা বিক্রি প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে গতকাল প্রতি কেজি শুকনা মরিচ ৩২০-৩৩০ টাকা দরে বিক্রি হয়েছে, যা দুই সপ্তাহ আগে ছিল ২৮০-২৯০ টাকা। এ হিসাব অনুযায়ী দেড়-দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা পর্যন্ত।
দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘স্থলবন্দর দিয়ে আমদানি কমে যাওয়ায় পাইকারিতে শুকনা মরিচের দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারগুলোয়ও পড়েছে।’
এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৭ হাজার ৪১২ টন। যার মূল্য ছিল ২০৩ কোটি ৬৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ২৫৩ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৫১৯ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে ২ হাজার ১০৭ টন।
আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘দেশের মসলাবাজারে শুকনা মরিচের চাহিদা কমে গেছে। এ কারণে আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা।’