এমএসএমই খাতে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি ব্র্যাক ব্যাংকের

ব্র্যাক ব্যাংক পিএলসি দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি এ সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা চুক্তিপত্র বিনিময় করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ পুনঃঅর্থায়ন চুক্তির আওতায় দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারে পরিচালিত এমএসএমই প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারবে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিল (এফএসএফএমএসএমই) থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও গ্রহণ করতে পারবে।

ব্র্যাক ব্যাংক ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন প্রদান করবে। উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

দ্বিতীয় চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটি টাকার এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিলে (এফএসএফএমএসএমই) অংশগ্রহণ করবে। এই স্কিমের আওতায় উৎপাদন ও সেবা খাতের এমএসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। এর আওতায় অতি ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বোচ্চ ১ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট ২), হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ও এসএমই ব্যাংকিং মাহবুবুর রহমান।

আরও