চীনে খুচরা বিক্রি ও শিল্পোৎপাদন খাতে ধীর প্রবৃদ্ধি

চীনে গত মাসে খুচরা বিক্রি ও শিল্পোৎপাদন খাতে প্রত্যাশার তুলনায় কম গতি দেখা গেছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে ধীর।

চীনে গত মাসে খুচরা বিক্রি ও শিল্পোৎপাদন খাতে প্রত্যাশার তুলনায় কম গতি দেখা গেছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে ধীর। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিবাদ ও স্থানীয় ভোক্তা চাহিদা দুর্বল হওয়ার চাপ দেখা যাচ্ছে দেশটির অর্থনীতিতে। খবর এফটি।

চীনের পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৪ সালের একই সময়ের তুলনায় আগস্টে খুচরা বিক্রি বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। এটি বিশ্লেষকদের পূর্বাভাস ৩ দশমিক ৯ শতাংশ ও জুলাইয়ের ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির তুলনায় কম।

গত মাসে চীনে শিল্পোৎপাদন বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ, যা জুলাইয়ের ৫ দশমিক ৭ শতাংশ হারে বৃদ্ধির তুলনায় ধীর। উভয়ই গত বছরের নভেম্বরের পর থেকে সর্বনিম্ন বৃদ্ধি।

চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত চীনে স্থায়ী সম্পদ খাতে বিনিয়োগ বাড়ার হার দাঁড়িয়েছে দশমিক ৫ শতাংশে। এ হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকৃত ১ দশমিক ৪ শতাংশ ও জানুয়ারি-জুলাইয়ের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় কম।

এসব ডাটা প্রকাশের আগেই বিশ্লেষক সংস্থা মুডি’স অ্যানালিটিকস জানিয়েছিল, চীনে শিল্পোৎপাদনের অতিরিক্ত সক্ষমতার ওপর সরকারি তদারকি বেড়েছে। পাশাপাশি মার্কিন শুল্কবৃদ্ধির আগে রফতানিতে যে গতি দেখা গেছে, তা কমে গেছে। দুটো বিষয় মিলিয়ে দেশটিতে শিল্পোৎপাদনের গতি কমছে।

কয়েক বছর ধরে সম্পত্তি বাজারে পতন ও দুর্বল ভোক্তা চাহিদা চীনের অর্থনীতির জন্য চাপ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি এখন রফতানি বাণিজ্যের ওপর নির্ভর করছে বেশি। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের আগে চীন থেকে দেশটিতে রফতানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছিল।

এরপর বাণিজ্য আলোচনার প্রভাবে শুল্ক বাস্তবায়ন শিথিল হলেও যুক্তরাষ্ট্রমুখী রফতানিতে স্থবিরতা দেখা যাচ্ছে। শুধু গত মাসে চীন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে এক-তৃতীয়াংশ। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এখন দেশীয় চাহিদার ওপর নির্ভর করছে বেইজিং।

দেশীয় ভোক্তাব্যয়কে প্রভাবিত করতে চীনের নীতিনির্ধারকরা একাধিকবার প্রণোদনা সুবিধা ঘোষণা করেছেন। সাম্প্রতিক প্রণোদনার মধ্যে রয়েছে সন্তান লালনপালনে সহায়তা ও ভোক্তা পর্যায়ে কম সুদে ঋণ। এছাড়া মূল্যসংকোচন রোধে অতিরিক্ত সক্ষমতা সমস্যায় আক্রান্ত শিল্পে একীভূতকরণ উৎসাহিত করছে চীন সরকার।

আরও