অর্থনৈতিক ধীরগতির কারণে চীনের বাজারে ভোক্তারা কম খরচ করেছেন। নতুন এ অর্থনৈতিক বাস্তবতায় ক্রেতাশূন্য হয়ে পড়ছে উচ্চ ব্যয়ের রেস্টুরেন্ট ও বিলাসবহুল দোকানগুলো। একই সময়ে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দেখছে উচ্চ মুনাফা। খবর নিক্কেই এশিয়া।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের বিখ্যাত পিকিং ডাক রেস্টুরেন্ট চেইনের আয় কমেছে ৭ শতাংশ। কোম্পানিটির জেনারেল ম্যানেজার চৌ ইয়ানলং বলেন, ‘ভোক্তারা এখন বেশি হারে সাশ্রয়ী ও সাধারণ মানের খাবারের দিকে ঝুঁকছেন।’
চীনের মোট খুচরা বিক্রি মার্চে শেষ হওয়া প্রান্তিকে ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার। অথচ একসময় এ প্রবৃদ্ধির হার ১০ শতাংশের কাছাকাছি থাকত।
এ মন্থর চাহিদার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে দামি রেস্তোরাঁ ও ফ্যাশন হাউজে। চাউ তাই ফুক নামক জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ডের বিক্রি প্রথম প্রান্তিকে কমেছে ১২ শতাংশ। ওয়াংফুজিং গ্রুপের মূল ডিপার্টমেন্ট স্টোর বিভাগের আয় কমেছে ১৪ শতাংশ, তবে কোম্পানিটির আউটলেট শাখায় বিক্রি বেড়েছে ৪ শতাংশ। কারণ ক্রেতারা এখন ‘কম দামে বেশি মান’ এ সূত্রে আস্থা রাখছেন।
নিয়মিত আউটলেটে কেনাকাটা করা উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান শহরের ২৬ বছর বয়সী এক তরুণী বলেন, ‘আউটলেটগুলো অফিশিয়াল স্টোরের সমমানের পণ্য দেয়, কিন্তু অনেক সস্তা। আমি প্রতি সপ্তাহেই যাই।’
চীনের সবচেয়ে বড় কফি চেইন লাকিন কফি প্রথম প্রান্তিকের বিক্রিতে ৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে স্টারবাকস দেশটিতে মাত্র ৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। চীনে স্টারবাকসের এক কাপ কফির দাম প্রায় ৩০ ইউয়ান, কিন্তু লাকিনের কফি সাধারণত এর অর্ধেক দামে পাওয়া যায়। অনেক ক্রেতা জানিয়েছেন, স্বাদে তেমন পার্থক্য নেই।
স্বল্পমূল্যে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা হলে যাওয়া জনপ্রিয় হয়ে উঠছে চীনে। প্রথম প্রান্তিকে দেশটির সবচেয়ে বড় সিনেমা অপারেটর ওয়ান্ডা ফিল্ম হোল্ডিংয়ের আয় বেড়েছে ২৩ শতাংশ। ঝেজিয়াং প্রদেশের ২৩ বছর বয়সী এক যুবক বলেন, ‘বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাই, কিন্তু বেতন তো বাড়ছে না। তাই সিনেমা হলেই যাই। সেখানে ভালো সাউন্ড সিস্টেম থাকে।’
কম খরচে ভ্রমণ করতে আগ্রহীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বাজেট বা তুলনামূলক কম খরচের হোটেলগুলো। সাশ্রয়ী ও মাঝারি দামের হোটেল অপারেটর এইচ ওয়ার্ল্ড গ্রুপ জানিয়েছে, প্রথম প্রান্তিকে তাদের আয় বেড়েছে ২ শতাংশ। প্রতিষ্ঠানটির হোটেলগুলোর বুক করা কক্ষের পরিমাণ পৌঁছেছে ৭৬ শতাংশে। চলতি বছরেই গ্রুপটি প্রায় ২ হাজার ৩০০টি নতুন হোটেল চালুর পরিকল্পনা করছে।
ভোক্তা ব্যয় থেকে আসে চীনের জিডিপির প্রায় ৪০ শতাংশ। তাই সরকারও এ খাতে চাহিদা বাড়াতে তৎপর। ন্যাশনাল পিপল’স কংগ্রেসের মার্চের অধিবেশনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, ‘অভ্যন্তরীণ ভোক্তাদের চাহিদা জোরদার করাই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’
সম্প্রতি পুরনো ইলেকট্রনিকস বদলে নতুন কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি চালু করেছে, যার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। চার বছর লোকসানের পর সুনিং ডটকম ২০২৫ সালের প্রথম প্রান্তিকে মুনাফা দেখা পেয়েছে।
তবে এ ব্যয় সংকোচন ও পণ্যমূল্যে ছাড়নির্ভর অর্থনীতি নিয়ে উদ্বেগও রয়েছে। যুবসমাজে উচ্চ বেকারত্ব ও বয়স্ক জনসংখ্যার খরচ বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে ভোক্তা চাহিদা আরো দুর্বল হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা সতর্ক করে বলছেন, অতিরিক্ত মূল্যছাড়ের প্রতিযোগিতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে তা মূল্যসংকোচনের ঝুঁকি তৈরি করতে পারে, যা চীনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।