এ লক্ষ্যে গতকাল এসএমই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উর্মী গ্রুপের পক্ষে পরিচালক শামারুখ ফখরুদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খানসহ এসএমই ফাউন্ডেশন ও উর্মী গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, উর্মী গ্রুপের পক্ষ থেকে এসএমই ফাউন্ডেশন কর্তৃক চিহ্নিত টেক্সটাইল ও গার্মেন্টস ক্লাস্টারের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) এবং নারী-উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী টেক্সটাইল সারপ্লাস সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেয়া হবে। এসব উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদন ব্যয় কমানো, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হবে।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সমঝোতা স্মারকের আওতায় গ্রামীণ ও শহরাঞ্চলের সম্ভাবনাময় ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী-উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেয়া হবে।তিনি বলেন, ‘টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সাপ্লাই চেইনের সঙ্গে এসব উদ্যোক্তাকে অধিকতর সম্পৃক্ত করার উদ্যোগও নেয়া হবে।’