ফিলিপাইনে ২০২৫-২৬ বিপণন বর্ষে চিনি উৎপাদন ২০ লাখ ৯০ হাজার টনে স্থিতিশীল থাকতে পারে। সম্প্রতি মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এটি দেশটির সরকারের দেয়া প্রাক্কলনের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। খবর চিনিমান্ডি।
উল্লেখ্য, ফিলিপাইন সম্প্রতি কৃষি বর্ষের সময়সীমা পরিবর্তন করেছে। বর্তমানে দেশটিতে কৃষি বর্ষ হিসাব করা হয় ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ১ সেপ্টেম্বর থেকে ৩১ আগস্ট সময়সীমার হিসাবেও উৎপাদন প্রায় একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ।
তবে ইউএসডিএ জানিয়েছে, ফিলিপাইনে চিনি উৎপাদনের মূল চ্যালেঞ্জ হলো রেড-স্ট্রাইপ সফট স্কেল ইনসেক্ট (আরএসএসআই)। এ ধরনের পোকার আক্রমণ হলে চিনি উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে।
এফএএস প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইনে চলতি বিপণন বর্ষে অপরিশোধিত চিনির ব্যবহার প্রায় ২২ লাখ টনে স্থিতিশীল থাকবে। এর মধ্যে শিল্প কারখানাগুলো ব্যবহার করবে ৫০ শতাংশ। ঘরোয়া ও প্রাতিষ্ঠানিক ব্যবহার হবে যথাক্রমে ৩২ শতাংশ ও ১৮ শতাংশ।
ফিলিপাইনের সুগার রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এসআরএ) জানিয়েছে, চলতি বছর দেশটি থেকে কোনো চিনি রফতানি করা হবে না।