রাজধানী রিয়াদে আবাসিক ও বাণিজ্যিক ভাড়া নিয়ন্ত্রণে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী আগামী পাঁচ বছর রাজধানীর নগর এলাকায় ভাড়া বাড়ানো যাবে না। ২৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। খবর আরব নিউজ।
সৌদি মন্ত্রিসভার অনুমোদন ও রাজকীয় ডিক্রির মাধ্যমে নতুন বিধান কার্যকর করা হয়েছে। এর লক্ষ্য হলো দ্রুত বাড়তে থাকা ভাড়া নিয়ন্ত্রণ ও সম্পত্তি বাজারে ভারসাম্য আনা। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, প্রয়োজনে সাধারণ রিয়েল এস্টেট কর্তৃপক্ষ দেশের অন্য শহরেও একই ব্যবস্থা নিতে পারবে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেছেন, ভাড়া নিয়ন্ত্রণ ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয়ের অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি আবাসিক খাতে স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করবে।
নতুন কাঠামো অনুযায়ী, আগে ভাড়া দেয়া হলেও বর্তমানে খালি থাকা ফ্ল্যাট বা দোকানের ভাড়া নির্ধারণ হবে সর্বশেষ নিবন্ধিত চুক্তির ভিত্তিতে। যেসব সম্পত্তি আগে কখনো ভাড়া হয়নি, সেগুলোর ভাড়া নির্ধারণ হবে মালিক ও ভাড়াটিয়ার পারস্পরিক সমঝোতায়। সব চুক্তি অবশ্যই সরকারি ডিজিটাল প্লাটফর্ম ইজারে নিবন্ধন করতে হবে।
চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে, যদি না কোনো পক্ষ মেয়াদ শেষের অন্তত ৬০ দিন আগে নোটিস দেয়। ভাড়া পরিশোধ না করা, ভবনের নিরাপত্তাজনিত সমস্যা বা মালিকের ব্যক্তিগত প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে চুক্তি বাতিল করা যাবে না।
নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১২ মাসের ভাড়ার সমপরিমাণ জরিমানা ও ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি তথ্য প্রদানকারী অভিযোগকারীকে জরিমানার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত পুরস্কারও দেয়া হতে পারে।