এশিয়ায় সমুদ্রপথে আমদানি-রফতানি হওয়া তাপীয় কয়লার দাম গত চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অঞ্চলটির প্রধান ক্রেতা দেশ চীন, ভারত ও জাপানের নিম্নমুখী আমদানিপ্রবণতা। খবর রয়টার্স।
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে রফতানীকৃত কয়লার দাম গত বছরের অক্টোবর থেকে ধারাবাহিকভাবে কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ পতন আরো তীব্র হয়েছে। এর পেছনে ভূমিকা রাখছে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়া।
বিশ্বের শীর্ষ তাপীয় কয়লা আমদানিকারক দেশ চীন। দেশটি এপ্রিলে মোট ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা মার্চের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম। কমোডিটি অ্যানালিস্ট ফার্ম কেপলারের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চার মাসে চীন মোট ৯ কোটি ১৫ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ কম।
চীনে আমদানি কমেছে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে। সেই সঙ্গে দেশটিতে অভ্যন্তরীণ কয়লা উৎপাদন রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।
চীনের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, মার্চে দেশটির কয়লা উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৮০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। ফলে প্রথম প্রান্তিকে মোট উৎপাদন হয়েছে ১ হাজার ২০ কোটি টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি।
অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় চীনে স্থানীয়ভাবে কয়লার দাম কমে গেছে। কনসালট্যান্সি প্রতিষ্ঠান স্টিলহোম জানিয়েছে, গত সপ্তাহে কুইনহুয়াংডাও বন্দরে তাপীয় কয়লার দাম ছিল টনপ্রতি ৬৬০ ইউয়ান (প্রায় ৯০ ডলার ৭৮ সেন্ট), যা গত চার বছরের সর্বনিম্ন এবং গত অক্টোবরের তুলনায় ২৫ শতাংশ কম। চীনে অভ্যন্তরীণ এ নিম্নমুখিতার প্রভাব আমদানীকৃত কয়লার দামেও ফেলেছে।
চীনে অস্ট্রেলিয়ান কয়লার (৫ হাজার ৫০০ কিলোক্যালরি/কেজি) দাম গত ২ মে শেষ হওয়া সপ্তাহে কমে দাঁড়িয়েছে টনপ্রতি ৬৯ ডলার ৯৮ সেন্টে, যা ২০২১ সালের মে মাসের পর সর্বনিম্ন। ইন্দোনেশীয় ৪ হাজার ২০০ কিলোক্যালরি/কেজি কয়লার দামও কমেছে। এ ধরনের কয়লা চীন ও ভারতের মধ্যে জনপ্রিয়। সে সময় জ্বালানি পণ্যটির দাম ছিল টনপ্রতি ৪৮ ডলার ৪২ সেন্ট, যা গত চার বছরের সর্বনিম্ন এবং অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কম।
তবে এ হ্রাসের হার অস্ট্রেলিয়ান কয়লার তুলনায় কম, যার অন্যতম কারণ হতে পারে সাম্প্রতিক সময়ে ভারতের কয়লা আমদানি কিছুটা বৃদ্ধি। কেপলারের ডাটা অনুযায়ী, ভারত এপ্রিলে মোট ১ কোটি ৫৩ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা মার্চের ১ কোটি ৪৪ লাখ টনের তুলনায় বেশি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ জাপান। দেশটি চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) কয়লা আমদানি কমিয়েছে ৪ দশমিক ৯ শতাংশ।