দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ২৫ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালে ঘোষিত এ স্কিমের মেয়াদ চলতি বছরের জুলাইয়ে শেষ হয়ে গেলেও পুনরায় নির্দেশনা না দেয়া পর্যন্ত তা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট থেকে গতকাল জারীকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারের অগ্রাধিকার খাত হিসেবে সিএমএসএমই খাতে ঋণ সুবিধা অব্যাহত রাখতে, অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা নির্বিঘ্ন করতে এবং এ খাতের গ্রাহকদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিন বছর মেয়াদি ২৫ হাজার কোটি টাকার স্কিমটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে।
এর আগে ২০২২ সালের ১৯ জুলাই ‘সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে তিন বছর মেয়াদি এ স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। পরে ২০২৩ সালের ৩১ জানুয়ারি এ স্কিমকে ‘প্রাক-অর্থায়ন স্কিম’ নামে রূপান্তর করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিলের মাধ্যমে গঠিত বিশেষ এ স্কিম থেকে ২ শতাংশ সুদে তহবিল সংগ্রহের সুযোগ দেয়া হয় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয় ৭ শতাংশ।
এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিএমএসএমই খাতে তাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে স্বল্প সুদে ঋণ বিতরণের সুযোগ করে দেয়া হয়।