প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা ৭০ শতাংশে উন্নীত করেছে তুরস্ক। সম্প্রতি ‘তুরস্ক প্রতিরক্ষা শিল্প ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ইনডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন (এমইউএসআইএডি)। খবর আনাদোলু।
প্রতিবেদনে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পূর্বাভাস দেয়া হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে, কৌশলগত পণ্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা দেশীয় উৎপাদনক্ষমতায় ৭০ শতাংশে পৌঁছে দিয়েছে।
সেখানে বলা হয়, প্রধান যুদ্ধ ট্যাংক এএলটিএওয়াই ও অন্যান্য প্লাটফর্মের ইঞ্জিন ও পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে এখনো বিদেশ নির্ভরতা রয়ে গেছে। এ ধরনের নির্ভরতা কমিয়ে আনতে হবে।
আরো বলা হয়েছে, এমএমইউ যুদ্ধবিমান ও গোকটুর্ক প্রকল্পের মাধ্যমে এভিয়েশন ও মহাকাশ ব্যবস্থায় বিদেশী নির্ভরতা কমানোর লক্ষ্য নেয়া হয়েছে। জেট ইঞ্জিন ও স্যাটেলাইট প্রযুক্তির বিকাশে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।