এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৬২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১০ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৭৯ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত ছিল ১২টির।
বাজার বিশ্লেষকরা বলছেন, দিনের শুরুতেই শক্তিশালী ক্রয়চাপে অধিকাংশ শেয়ার ঊর্ধ্বমুখী দরে লেনদেন শুরু করে। আকর্ষণীয় দামে শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আস্থা ফেরে। শেষদিকে কিছু মুনাফা তুলে নেয়ার চাপ থাকলেও সারাদিনই বাজারে ক্রেতাদের প্রাধান্য বজায় ছিল।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ৭ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল।
৬ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল বিবিধ খাত। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া সেবা ও আবাসন খাতে ৩ দশমিক ১, ভ্রমণ ও অবকাশ খাতে ৩, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৭ ও সিরামিক খাতে ২ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৪৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৪৪টির ও দর অপরিবর্তিত ছিল ১৩টির। গতকাল সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১২ কোটি ৭৮ লাখ টাকা।